শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে আগামী ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতেই। এছাড়া টার্মিনালটির হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এ ছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং বিমান কেনা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছেন।

পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.