স্বাস্থ্যবিমার হার বাড়ায় চাপে হিলারি ক্লিনটন

aa337dc44d924bcf2564e72ee990bcc3-1-1-2016-10-26t143618z_1162888380_d1beujfbxqad_rtrmadp_3_usa-election-clintonযুক্তরাষ্ট্রে নির্বাচনের মাত্র ১২ দিন আগে ছোট একটি বোমা ফাটাল ওবামা প্রশাসন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ওবামাকেয়ার নামে পরিচিত সরকারি স্বাস্থ্যবিমা পরিকল্পনার আওতায় যাঁরা বিমা গ্রহণ করেছেন, আগামী বছর তাঁদের খরচ গড়ে অন্তত ২৫ শতাংশ হারে বাড়বে। হিলারি ক্লিনটন এই স্বাস্থ্যবিমা আইনের একজন বড় সমর্থক। ওবামার আলোচিত স্বাস্থ্যনীতির এই নতুন সংকটের ফলে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি হিলারির বিরুদ্ধে আক্রমণ করার নতুন সুযোগ পেয়ে গেল।
ওবামাকেয়ারের বিমার খরচ গড়ে ২৫ শতাংশ হারে বাড়বে বলা হলেও কোনো কোনো অঙ্গরাজ্যে তা আরও অনেক বেশি হারে বাড়তে পারে। যেমন অ্যারিজোনায় গড়পড়তা হার ১৯৬ ডলার থেকে বেড়ে ৪২২ ডলারে দাঁড়াবে।
২০১০ সালে বিস্তর ঢাকঢোল পিটিয়ে আলোচিত সরকারি স্বাস্থ্যবিমা পরিকল্পনা গৃহীত হয়। ‘ওবামাকেয়ার’ নামে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠা এ আইনের পক্ষে-বিপক্ষে আলোচনা কম হয়নি। আশা করা হয়েছিল, এই আইনের ফলে একদিকে নতুন দুই কোটি মানুষ স্বাস্থ্যবিমার আওতায় আসবে, অন্যদিকে স্বাস্থ্য খাতের ক্রমবর্ধমান ব্যয়ভার ক্রমেই নিয়ন্ত্রিত হবে। বাস্তবে দেখা যাচ্ছে, সরকারি ভর্তুকির মাধ্যমে বিপুলসংখ্যক বিমাহীন দরিদ্র মানুষকে এর আওতায় আনা সম্ভব হলেও স্বাস্থ্য খাতের খরচ কমানো সম্ভব হয়নি। বিমার হার বৃদ্ধি সে ব্যর্থতার একটি স্বীকৃতি। প্রত্যেক নাগরিক হয় বেসরকারিভাবে অথবা সরকারি তালিকাভুক্ত বিমা কোম্পানির কাছ থেকে ন্যূনতম স্বাস্থ্যবিমা কিনবেন, অন্যথায় তাঁকে জরিমানা দিতে হবে, এই শর্তের ভিত্তিতে আইনটি প্রতিষ্ঠিত। এই আইন অনুসারে তালিকাভুক্ত বিমা কোম্পানিগুলো সরকারের নির্ধারিত হারে স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু যথেষ্টসংখ্যক নীরোগ মানুষ ওবামাকেয়ারের অধীনে বিমা গ্রহণ করেননি। এতে অনেক বিমা কোম্পানি লোকসানের সম্মুখীন হওয়ায় তারা ওবামাকেয়ার কর্মসূচিতে অংশগ্রহণে অসম্মত হয়। এর ফলে স্বাস্থ্যসেবার মান যেমন ক্ষুণ্ন হয়, সরকারি ভর্তুকির পরিমাণও আকাশচুম্বী হয়ে পড়ে। বাধ্য হয়েই ওবামা প্রশাসন বিমার হার বাড়াতে বাধ্য হলো।

রিপাবলিকান পার্টি গোড়া থেকেই ওবামাকেয়ারের সমালোচনা করে আসছে। তাদের যুক্তি, ওবামা প্রশাসন পশ্চিম ইউরোপের মতো স্বাস্থ্যসেবা খাতের ‘জাতীয়করণ’ করতে চায়, যা উন্মুক্ত বাজারনীতির পরিপন্থী। রিপাবলিকানরা আশা করছে, ওবামাকেয়ারের এই হঠাৎ মূল্যবৃদ্ধি জনমতে পিছিয়ে থাকা ট্রাম্পকে নির্বাচনী খেলায় ফিরে আসতে সাহায্য করবে।

ট্রাম্পের জন্য এটি এক অপ্রত্যাশিত উপহার। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় এলে অবিলম্বে এটি বাতিল করে নতুন আইন চালু করবেন। বিশদ না বলে সমর্থকদের কেবল এই বলে তিনি আশ্বস্ত করেছেন, ওবামাকেয়ারের চেয়ে বহুগুণে ভালো হবে তা। গত মঙ্গলবার ফ্লোরিডায় একাধিক নির্বাচনী সভায় ট্রাম্প দাবি করেন, ওবামাকেয়ারের ‘ব্যর্থতা’ থেকেই প্রমাণিত হয় হিলারিকে নয়, তাঁকেই প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত।

শুধু রিপাবলিকানরা নয়, হিলারির স্বামী ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও ওবামাকেয়ারকে ‘অতি পাগলের কাণ্ড’ বলে বর্ণনা করেছেন। হিলারি নিজেও স্বীকার করেছেন, ওবামার এই স্বাস্থ্যবিমা আইনের সবকিছু নিখুঁত নয়, নির্বাচিত হলে তিনি এর প্রয়োজনীয় সংশোধন করবেন।

নির্বাচনী প্রতিযোগিতায় পিছিয়ে থাকা একাধিক রিপাবলিকান সিনেটরও ওবামাকেয়ারের মূল্যবৃদ্ধির ঘোষণাকে পুঁজি করে নতুন উদ্যমে প্রচারণায় নেমেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের এত কাছে এসে শুধু স্বাস্থ্যবিমার প্রশ্ন তুলে জনমতের নাটকীয় পরিবর্তন আসবে, তার সম্ভাবনা খুব কম। তবে সমন্বিত বিজ্ঞাপন অভিযানের ফলে হিলারি ও ট্রাম্পের মধ্যে ব্যবধান কমানো সম্ভব। রিপাবলিকান নির্বাচনী কৌশলবিদ ব্রাড টড বলেছেন, ঠিক এই সময় এমন একটি খবর হিলারির জন্য উদ্বেগের কারণ, তবে একে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লাভের জন্য যে সময় দরকার, রিপাবলিকানদের হাতে তা নেই।

ব্রায়ান ওয়ালশ নামের আরেক রিপাবলিকান কৌশলবিদ অবশ্য মনে করেন, বিমার হার বাড়ার ফলে সাধারণ মানুষ অর্থকষ্টে পড়বে। এই আইনের প্রতি হিলারির সমর্থন উল্লেখ করে প্রচারে সক্ষম হলে ট্রাম্প লাভবান হবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.