প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি : রিমান্ডে সাত আসামিকে জিজ্ঞাসাবাদ

biman20161222232326প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ডে থাকা সাত আসামিকে শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্ত সংস্থা ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে ব্যস্ত থাকায় এদিকে মনোযোগ দিতে পারেননি। এদিকে আদালতে আত্মসমর্পণ করা দুই আসামিকে আজ ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানাবেন তদন্ত কর্মকর্তা। তাদের রিমান্ড মঞ্জুর হলে ৯ আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।
রিমান্ডে থাকা সাত আসামিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে সিটিটিসি ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম শনিবার বলেন, আমাদের অধিকাংশ ফোর্স রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে ব্যস্ত।

তবে আমাদের একটি পৃথক টিম রিমান্ডে থাকা সাত আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। এখনও বলার মতো কোনো আপডেট পাওয়া যায়নি। তিনি আরও বলেন, রিমান্ডের দ্বিতীয় দিনে তারা জানতে চেয়েছেন কার কী দায়িত্ব ছিল, এ ত্রুটির জন্য কার দায় কতটুকু- এসব বিষয়।
সিটিটিসি ইউনিটের অপর এক কর্মকর্তা জানান, মামলার তদন্তের সঙ্গে টেকনিক্যাল অনেক বিষয় জড়িত। তাই বোয়িং কোম্পানিসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে। আজকালের মধ্যেই বোয়িংসহ অন্য বিশেষজ্ঞদের কাছে চিঠি দেয়া হবে।
২৭ নভেম্বর প্রধানমন্ত্রী হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যাওয়ার পথে তাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি ও নাশকতা চেষ্টার অভিযোগে বিমানবন্দর থানায় ২০ ডিসেম্বর রাতে মামলা হয়। ২১ ডিসেম্বর মামলাটির তদন্তের দায়িত্ব ডিএমপির সিটিটিসি ইউনিটকে দেয়া হয়। ২২ ডিসেম্বর সিটিটিসি ইউনিট সাত আসামিকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড হেফাজতে নেয়।

এ সাত আসামি হলেন- বিমানের প্রোডাকশন শাখার ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী, পরিদর্শন ও মান নিশ্চিতকরণ শাখার ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এসএ সিদ্দিক, এমসিসির ভারপ্রাপ্ত মুখ্য প্রকৌশলী বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, মো. লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও মো. জাকির হোসেন। আর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মামলার অপর দুই আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান ও জুনিয়র টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.