যুক্তরাষ্ট্রে গত নির্বাচনী প্রচারণার সময়ে বারাক ওবামা টেলিফোনে আড়ি পেতেছিলেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা প্রমাণে রিপাবলিকান দলের এক শীর্ষ আইনপ্রণেতা ১২ মার্চ রোববার তার প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন।
সিনেটর জন ম্যাককেইন সিএনএনের সাথে এক সাক্ষাতকারে এ চ্যালেঞ্জ জানান।
ম্যাককেইন বলেন, ‘এক্ষেত্রে প্রেসিডেন্টের দু’টি পছন্দের যেকোনো একটি বেছে নিতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দাবি অনুযায়ী, হয় তাকে এ অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে, না হয় তার করা অভিযোগের পক্ষে প্রমাণ দাখিল করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আড়িপাতার ঘটনা সত্য, এটা বিশ্বাস করার আমার কোনো কারণ নেই। কিন্তু আমি মনে করি, মার্কিন প্রেসিডেন্ট এক মিনিটের মধ্যেই এটা স্পষ্ট করতে পারেন।’
এদিকে, ওবামা তার এক মুখপাত্রের মাধ্যমে ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
ওবামার জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্লেপারও এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের গত নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বা তার প্রচারণা শিবিরের কোনো সদস্যের টেলিফোনে আড়িপাতার ঘটনা ঘটেনি।