মার্কিন হেফাজতে অভিবাসনপ্রত্যাশী আরেক শিশুর মৃত্যু

মার্কিন হেফাজতে অভিবাসনপ্রত্যাশী আরেক শিশুর মৃত্যু।

বঞ্চনার জীবন থেকে উত্তরণে স্বপ্নের খোঁজে বাড়িছাড়া আরেক শিশুকে প্রাণ হারাতে হলো সীমান্তে। মাত্র ১০ দিনের ব্যবধানে অভিবাসনপ্রত্যাশী আরেক শিশুর মার্কিন হেফাজতে মৃত্যু হয়েছে। মার্কিন সীমান্তরক্ষী বাহিনী ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, আট বছরের ছেলেশিশুটি অসুস্থতার কারণে মারা গেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, অবৈধ অভিবাসনচেষ্টার অভিযোগে শিশুটি তার বাবার সঙ্গে মার্কিন নিরাপত্তা বাহিনীর হাতে আটক ছিল। যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রত্যাশায় তারা গুয়াতেমালা থেকে এসেছিল। তবে খবরে শিশুটির নাম প্রকাশ করা হয়নি।

এর আগে বাবার সঙ্গে আটক জ্যাকলিন কাল ম্যাকুইন নামের সাত বছরের এক মেয়েশিশু মার্কিন হেফাজতে মারা যায়। তারাও গুয়াতেমালা থেকে এসেছিল। পানিশূন্যতায় শিশুটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়। তবে বিভিন্ন খবরে প্রকাশ হয়, ছয় দিন ধরে শিশুটি খাবার ও পানিসংকটে ছিল। যদিও এ অভিযোগ অস্বীকার করে সিবিপি দাবি করে, তাদের হেফাজতে থাকা অবস্থায় বাবা ও মেয়ের জন্য খাবার ও পানির ব্যবস্থা ছিল।

গতকাল মঙ্গলবার মারা যাওয়া শিশুটির ব্যাপারে সিবিপি জানায়, গত সোমবার অসুস্থ হওয়ার পর ছেলেটিকে নিউ মেক্সিকো স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। প্রথমে তাকে ঠান্ডায় আক্রান্ত বলা হয়। পরে জানা যায়, সে জ্বরেও আক্রান্ত ছিল। ব্যবস্থাপত্র দিয়ে ছেলেটিকে গতকাল দুপুরের দিকে স্বাস্থ্যকেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। প্রচণ্ড বমির প্রবণতা শুরু হওয়ায় পরে শিশুটিকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মধ্যরাতে তার মৃত্যু হয়।

সিবিপি জানায়, তারা এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত নয়। এর জন্য পুরো পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনা করতে হবে।

গুয়াতেমালা মার্কিন কর্তৃপক্ষের কাছে এই মৃত্যুর ব্যাপারে ‘সুস্পষ্ট’ তদন্তের দাবি করেছে।Eprothomalo

শিশুটির মৃত্যুর ঘটনায় সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের ব্যাপারে কট্টরপন্থী। অবৈধ অভিবাসন ঠেকাতে তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে চাইছেন। এই দেয়াল নির্মাণ ইস্যুতে বাজেট বরাদ্দ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে মতানৈক্যে স্থানীয় সময় গত শুক্রবার মধ্যরাত থেকে ফেডারেল সরকারে এক–চতুর্থাংশের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। সেই অচলাবস্থা এখনো কাটেনি। ধারণা করা যাচ্ছে, এই সংকট নতুন বছর পর্যন্ত গড়াবে।

অভিবাসনপ্রত্যাশী দ্বিতীয় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টেক্সাস অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মার্ক ভিয়েসে। টুইটারে তিনি লিখেছেন, ‘এই প্রশাসনের তত্ত্বাবধানে আরেক শিশুর মৃত্যু। বড়দিনে এ ধরনের ভয়াবহ এক গল্প শুনতে হলো।’

নিউ মেক্সিকোর সিনেটর মার্টিন হেনরিক টুইটারে লিখেছেন, ‘হৃদয়বিদারক ও পীড়াদায়ক খবর। আমি দ্রুত এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানোর দাবি জানাই। শিশুটির মৃত্যু এবং অন্তর্দ্বন্দ্বের কারণে সব মানুষের জীবনকে বিপদের মুখে ফেলা ও মানুষের জীবনকে অবজ্ঞা করার জন্য ট্রাম্প প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.