চীন-যুক্তরাষ্ট্র আলোচনায় চাঙা এশিয়ার পুঁজিবাজার

চীন-যুক্তরাষ্ট্র আলোচনায় চাঙা এশিয়ার পুঁজিবাজার।

যুক্তরাষ্ট্র ও চীন দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যযুদ্ধ নিরসনে খুব শিগগিরই নতুন চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এর প্রভাবে সম্প্রতি চাঙা রয়েছে এশিয়ার পুঁজিবাজার। গতকাল বুধবার এ অঞ্চলের পুঁজিবাজার সূচক সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। খবর: রয়টার্স।
গতকাল জাপান বাদে এশিয়ার সার্বিক পুঁজিবাজার সূচক এমএসসিআই সূচক বেড়েছে এক দশমিক এক শতাংশ। গত ২ অক্টোবরের পর সূচকটি সর্বোচ্চে পৌঁছায়। এর মধ্যে হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে এক দশমিক তিন শতাংশ, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজার সূচকও এদিন গত অক্টোবরের পর ভালো অবস্থানে ছিল। জাপানের নিক্কেই ২২৫ সূচক আগের দিনের তুলনায় বেড়েছে দশমিক ৬০ শতাংশ এবং চীনের সাংহাই সূচক বেড়েছে দশমিক ২০ শতাংশ। এছাড়া ভারতের সেনসেক্স সূচক বেড়েছে দশমিক ৫৯ শতাংশ এবং সিঙ্গাপুরের সূচক বেড়েছে দশমিক ৬৬ শতাংশ।
এশিয়ার বাজারে উত্থানের আগে মার্কিন পুঁজিবাজারেও দেখা গেছে ইতিবাচক প্রবণতা। এদিন এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে দশমিক ১৫ শতাংশ এবং নাসডাক সূচকও বেড়েছে দশমিক ১৯ শতাংশ। এছাড়া ডাও জোনস সূচকও ছিল ঊর্ধ্বমুখী।
দীর্ঘদিনের বাণিজ্যযুদ্ধ নিরসনে আগামী সপ্তাহে চতুর্থ দফায় আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা। এবারের বৈঠক অনুষ্ঠিত হবে ওয়াশিংটনে। আলোচনায় অংশ নিতে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি। এর আগে বেইজিংয়ে তৃতীয় দফার বৈঠকে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ নিরসনে ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে, যাতে বিনিয়োগকারীরা আশ্বস্ত হচ্ছেন। এর প্রভাব পড়েছে বাজারেও।
গত বৃহস্পতিবার বেইজিংয়ে তৃতীয় দফার বৈঠক শেষে উপপ্রধানমন্ত্রী লিউ হি ইতিবাচক বার্তা দিয়েছেন। এর আগে বাণিজ্যযুদ্ধ নিরসনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। আলোচনা চলা অবস্থায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চেয়ে এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যত তাড়াতাড়ি সম্ভব, বাণিজ্য চুক্তি করার আহ্বান জানিয়েছেন। এতে খুশি হয়েছেন ট্রাম্পও। তিনি শিগগিরই চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে চুক্তি করবেন বলে জানিয়েছেন।
দু’দেশের মধ্যে বর্তমানের সম্পর্ককে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে শি চিঠিতে লিখেছেন, এ সম্পর্ক জোরদার করতে দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তিগুলো দ্রুত সেরে ফেলা হোক। তা হলে দু’দেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া যাবে। সেটা যত তাড়াতাড়ি হয়, ততই মঙ্গল।
বহুদিন ধরেই বৈরী সম্পর্কের মধ্যে গত বছর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়। একে অন্যের ওপর কয়েক বিলিয়ন ডলার শুল্কারোপ করে বাণিজ্যযুদ্ধের দিকে এগিয়ে গেছে তারা। উভয় দেশের অর্থনীতিতে এর প্রভাব বুঝতে পেরে এ বাণিজ্যযুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করে দু’দেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.