চীনা পণ্যে শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এলো যুক্তরাষ্ট্র

চীনা পণ্যে শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এলো যুক্তরাষ্ট্র।

বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে না পারলে আগামী ১ মার্চ নতুন করে চীনা পণ্যে শুল্ক বাড়ানোর কথা যুক্তরাষ্ট্রের। কিন্তু ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চতুর্থ দফার আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নির্দিষ্ট সময় শেষে ফের শুল্কারোপ না করার ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে তিনি আরও সময় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এ খবরে চীনের পুঁজিবাজারে উত্থান দেখা গেছে, যার প্রভাবে গতকাল সোমবার এশিয়ার পুঁজিবাজার ছিল ঊর্ধ্বমুখী ধারায়। খবর: বিবিসি ও রয়টার্স।
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ নিরসনে একটি কার্যকর চুক্তির জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আগামী মার্চে চুক্তির ব্যাপারে চূড়ান্ত আলোচনার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বেইজিংয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তাই আমরা একটি অর্থপূর্ণ বাণিজ্যচুক্তিতে আশাবাদী।’
গত বছর থেকে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ একে অপরের কাছ থেকে আমদানি করা পণ্যে উচ্চ হারে শুল্কারোপ করে রেখেছে। চীন প্রযুক্তি স্থানান্তরে বাধ্য করাসহ অন্যায্য বাণিজ্যচর্চা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। কিন্তু শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে চীন।
গত নভেম্বরে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে জি-২০ সম্মেলনে ৯০ দিনের জন্য বাণিজ্যযুদ্ধ স্থগিতে একমত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যা ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। বিরোধ নিষ্পত্তিতে কয়েক দফা বৈঠকও করেছেন তারা। বাণিজ্যবিরোধ নিয়ে দু’পক্ষ কোনো চুক্তিতে না পৌঁছাতে পারলে আগামী ১ মার্চ থেকে দুই হাজার কোটি ডলারের চীনা আমদানি পণ্যে মার্কিন শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ করার হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এখন এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প।
বাণিজ্যযুদ্ধ নিরসনে আলোচনা করতে ওয়াশিংটনে অবস্থান করছেন চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি। তার নির্ধারিত দুদিনের সফর শেষ হলেও আলোচনায় আশানুরূপ অগ্রগতি হওয়ায় তার সফর আরও দুদিনের জন্য বর্ধিত করা হয়।
এদিকে ট্রাম্পের ইতিবাচক খবরে চীনের পুঁজিবাজারে সাংহাই সূচক গতকাল পাঁচ দশমিক ৬০ শতাংশ উত্থান হয়। এর প্রভাবে এশিয়ার অন্য বাজারও ছিল ঊর্ধ্বমুখী ধারায়। এদিন জাপানের নিক্কেই সূচক বেড়েছে দশমিক ৪৮ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং সূচক বেড়েছে দশমিক ৫০ শতাংশ এবং ভারতের সেনসেক্স সূচক বেড়েছে দশমিক ৯৫ শতাংশ। লেনদেনের শুরুতে ইউরোপের পুঁজিবাজার সূচকও ছিল ঊর্ধ্বমুখী। এছাড়া আগের দিন মার্কিন পুঁজিবাজার সূচকও ছিল একই ধারায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.