সংবাদমাধ্যমকে দুষছেন ডোনাল্ড ট্রাম্প।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমকে দোষারোপ করেছেন। এক টুইটে তিনি বলেন, নিউজিল্যান্ডে ভয়াবহ হামলায় আমাকে দোষারোপ করতে ফেক নিউজ মিডিয়া ওভারটাইম করেছে।
এটি প্রমাণে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। ক্রাইস্টচার্চে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর ট্রাম্পের ভূমিকা নিয়ে সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশ হয়। হামলাকারী নিজেও ট্রাম্পের প্রশংসা করেন।
এ ছাড়া হামলার পর পরই ট্রাম্প কোনো নিন্দা না করে শুধু একটি খবরের লিংক দিয়ে টুইট করেন, যা পরবর্তীতে তিনি মুছে ফেলেন। তবে ১০ ঘণ্টা পর একটি টুইট করেন, যাতে হামলার নিন্দাসহ নিউজিল্যান্ডের পাশে থাকার অঙ্গীকার করেন। অথচ অন্যান্য ঘটনার ক্ষেত্রে দেখা যায় ট্রাম্প টুইটারে সব সময় সরব থাকেন। বেশ কিছু সংবাদমাধ্যমে ট্রাম্পের এমন ভূমিকার সমালোচনা করা হয়।
এদিকে হামলার পর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ কোনো সমস্যা নয়। অর্থাৎ বিশ্বব্যাপী শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নিয়ে টুঁ শব্দটি না করায় সমালোচিত হন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের এক অভিমত প্রতিবেদনে বলা হয়Ñ বিশ্বব্যাপী উগ্র শ্বেতাঙ্গবাদ যে ছড়িয়ে পড়েছে, তার পেছনে মূলধারার রাজনীতির ভূমিকা রয়েছে।
ওই প্রতিবেদনেই বলা হয়, ট্রাম্প ক্ষমতায় আসার পর মুসলিমদের নিয়ে নানা কটু মন্তব্য করেছেন। পাশাপাশি কয়েকটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আনা হয়। সব মিলিয়ে ট্রাম্প মুসলিম ও অভিবাসীবিরোধী যে ভূমিকা নিয়েছেন, তার সঙ্গে সাদৃশ্য রয়েছে নিউজিল্যান্ডে হামলারকারীর ‘ইশতেহার’।