মধ্য আমেরিকার তিন দেশের আর্থিক সহায়তা বন্ধ ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের।
গত শনিবার এল সালভাদর, গুয়াতেমালা ও হুন্ডুরাসের জন্য ৭০ কোটি ডলারের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। এসব দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসী পাঠাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের এমন অভিযোগের পর সহায়তা বাতিল করা হলো। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ারও হুমকি দিয়েছেন। খবর রয়টার্স।
সাম্প্রতিক সময়ে এ তিন দেশের বিপুলসংখ্যক আশ্রয়প্রত্যাশী দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে। শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন, এসব দেশ কারসাজির মাধ্যমে অভিবাসী দল তৈরি করে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য পাঠাচ্ছে।
ট্রাম্প বলেন, মেক্সিকো যদি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পৌঁছানোয় বাধা না দেয়, তবে এ সপ্তাহে তিনি সীমান্ত বন্ধ করে দেবেন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, তারা ট্রাম্পের নির্দেশ মেনে মধ্য আমেরিকার তিন দেশের সহায়তা কর্মসূচি বন্ধ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ সহায়তা বাতিল করার জন্য তাদের আইনপ্রণেতাদের অনুমোদন লাগবে। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এ তিন দেশকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে কিছুই পাচ্ছে না।
এল সালভাদর সরকার বলেছে, তারা অভিবাসীদের প্রবাহ প্রতিহত করার চেষ্টা করছে। হুন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্ববিরোধী বলে আখ্যায়িত করেছে, তবে এও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ ও ইতিবাচক রয়েছে।
ট্রাম্প অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে বারবার সীমান্তে দেয়াল তোলার হুমকি দিয়ে আসছে। তবে এখনো তার এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।