আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটাই আমার বিশ্বাসঃ তাসকিন
প্রায় দুই মাস পর বোলিংয়ে ফিরেছেন জাতীয় দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। মিরপুর একাডেমি মাঠে বৃহস্পতিবার ছোট রানআপে পাঁচ ওভার বল করেন তারকার এই পেসার। দীর্ঘদিন পর বোলিংয়ে ফিরতে পেরে খুশি তিনি।
তাসকিন বলেন, ‘৩০টা বল করলাম শর্ট রানআপে। ধারাবাহিকতা সামনে আরও বাড়বে। একদিন পরপর বোলিং করতে হবে। আশা করছি সুপার লিগ থেকে খেলব। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোন ম্যাচ থেকে খেলব। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটাই আমার বিশ্বাস।’
তিনি বলেন, ‘ভালো লাগছে যে, আজ (বৃহস্পতিবার) বোলিং সেশন শেষ করতে পেরেছি। প্রায় দুই মাস পর বোলিং করলাম। ফিজিও, চিকিৎসকরা আমাকে নিয়মিত দেখছেন।’
তাসকিন আহমেদ বলেন, ‘সব ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই বোলিং শুরু করেছি। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। যদি ফিটনেস টেস্টগুলোর মধ্য দিয়ে যেতে না হতো তাহলে আরও আগেই বোলিং শুরু করতে পারতাম। ফিটনেস টেস্টে পাস করেছি। এখন বোলিং শুরু করতে পেরে ভালো লাগছে।’
প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চে শ্রীলংকা সফরে ত্রিদেশীয় টি ২০ সিরিজে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন। বিপিএলের ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালির ইনজুরিতে পড়েন তাসকিন।
এরপর পড়তি ফর্ম ও পরবর্তীতে ইনজুরির কারণে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। নতুন বছরের শুরুতে বিপিএলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ পান তাসকিন। নিজের সেরাটা দিয়ে খেলেছেন।
দুর্দান্ত বোলিংয়ে সফল হয়েছেন। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা পেসার ছিলেন তাসকিন। বিপিএল পারফরম্যান্স দিয়ে নিউজিল্যান্ড সফরের দলে সুযোগ পেয়েছিলেন তাসকিন। চোটে পড়ার কারণে সফরে যাওয়া হয়নি তার। নির্বাচকদের বিশ্বকাপ দলের বিবেচনায় রয়েছেন।