বাংলাদেশের গণতন্ত্র, সুশাসনে অগ্রগতি চায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সুশাসন ও জবাবদিহিতার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে অগ্রগতির ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে গত সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বৈঠক প্রসঙ্গে মার্কিন মুখপাত্র মরগান ওরটাগাস এক বিবৃতিতে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী (মাইক পম্পেও) সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন। কারণ, বাংলাদেশ ক্রমেই যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক পরিকল্পনার অংশ হয়ে উঠছে।’
এদিকে গত শনি ও রবিবার বাংলাদেশ সফর শেষে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জবাবদিহিতা খাতে বাংলাদেশ সরকারকে অবশ্যই আরো কাজ করতে হবে। ওই দুই খাতের ইস্যুগুলো মোকাবেলায় যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. মোমেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন। এর আগে গত রবিবার ঢাকায় বর্তমান সরকারের আমলে ব্রিটিশ সরকারের প্রথম মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মার্ক ফিল্ড। দুটি সফরেই বাংলাদেশের সঙ্গে ওই দেশগুলোর সম্ভাবনা ও সম্পর্ক এগিয়ে নেওয়ার সুস্পষ্ট বার্তা থাকলেও গণতন্ত্র ও সুশাসন ইস্যুও গুরুত্ব পেয়েছে।
ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে গতকাল ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও অর্থনৈতিক অগ্রগতির ওপর মন্ত্রীর গুরুত্বারোপ’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্ক ফিল্ড রোহিঙ্গা সংকট মোকাবেলায় শেখ হাসিনাকে তাঁর সরকারের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া রোহিঙ্গাদের ফিরে যাওয়া শুরুর জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনার সম্ভাব্য সুযোগগুলোর বিষয়েও তিনি কথা বলেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মন্ত্রী (মার্ক ফিল্ড) সতর্ক করে বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জবাবদিহিতার ক্ষেত্রে উন্নতি না হলে অর্থনৈতিক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি স্বাধীন গণমাধ্যম, শক্তিশালী রাজনৈতিক বিরোধীদের পক্ষ থেকে জোরালো চ্যালেঞ্জ থাকার ওপরও জোর দেন।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকায় গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে আলোচনায় ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কথাও শুনেছেন ব্রিটিশ মন্ত্রী।
এদিকে মাইক পম্পেও ও ড. মোমেনের বৈঠক প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মরগান ওরটাগাস বলেছেন, তাঁরা ক্রমবর্ধমান অর্থনৈতিক, নিরাপত্তা ও সন্ত্রাস দমন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে আসা দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো সমাধান, মিয়ানমারে পরিস্থিতির উন্নতি ঘটানোর পাশাপাশি এ দেশে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়গুলোর জন্য সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কাজের ধরনও তিনি তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের দায়িত্ব মিয়ানমারের। স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ মিয়ানমারকেই সৃষ্টি করতে হবে।
মাইক পম্পেওর সঙ্গে ড. মোমেনের বৈঠকের ব্যাপারে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে তাতে গণতন্ত্র নিয়ে আলোচনার কথা উল্লেখ নেই। বাংলাদেশে সুশাসন, গণতান্ত্রিক অগ্রগতির ব্যাপারে মাইক পম্পেওর জোর দেওয়া প্রসঙ্গে বৈঠকের পর ড. মোমেন সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে বাংলাদেশ তার অঙ্গীকারের কথা জানিয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বৃহত্তর সমৃদ্ধির জন্য অপরিহার্য জ্বালানি ও অবকাঠামো প্রকল্পগুলো আঞ্চলিক অংশীদারির ভিত্তিতে বাস্তবায়ন করার প্রয়োজনীয়তার ব্যাপারে উভয় নেতা একমত হয়েছেন। এ ক্ষেত্রে সুশাসন, জবাবদিহিতা, আইনের শাসন ও সমুদ্র নিরাপত্তার মতো ইস্যুতে এই অঞ্চলের নেতাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন।’
বাংলাদেশ দূতাবাস জানায়, ‘ড. মোমেন বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং তেল ও গ্যাস খাতে আরো মার্কিন বিনিয়োগ প্রত্যাশা করেছেন।’
এ ছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক পদে আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ ওই নির্বাচনে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হককে প্রার্থী ঘোষণা করেছে।
ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার, বঙ্গবন্ধুর অন্যতম খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো নিয়েও আলোচনা হয়েছে। রাশেদ চৌধুরী প্রসঙ্গে ড. মোমেন বৈঠকে বলেন, ওই খুনি বিচার এড়িয়ে চলছে। সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ মোকাবেলা ও আইনের শাসন সমুন্নত রাখতে উভয় দেশেরই অভিন্ন এজেন্ডা নেওয়া অপরিহার্য।
যুক্তরাষ্ট্রে ‘রাজনৈতিক আশ্রয়ে’ থাকা রাশেদ চৌধুরীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আগেই ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাইক পম্পেও বলেছেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এখতিয়ার। বাংলাদেশ যথাযথ প্রক্রিয়ায় সেখানে চেষ্টা করতে পারে। তবে বিষয়টি বেশ জটিল ও সময়সাপেক্ষ বলেই সংশ্লিষ্টরা জানিয়েছেন।