ওবামার ওপর ঘৃণা থেকেই পরমাণু চুক্তি বর্জন ডোনাল্ড ট্রাম্পের।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার প্রতি ঘৃণা প্রকাশ করতেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরমাণু চুক্তি বর্জন করেছিলেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতের ফাঁস হওয়া একটি মেমোতে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের ওই পদক্ষেপকে ‘নৈরাজ্যজনক কূটনৈতিক আচরণ’ আখ্যা দিয়েছিলেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডেরচ। রোববার ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে অবিচল থাকার অনুরোধ জানানোর পর ওই মেমোটি লেখা হয়েছিল বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ওই চুক্তির অধীনে ইরান তাদের পরমাণু তৎপরতা সীমিত করতে রাজি হয়েছিল।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু স্থাপনাগুলোও পরিদর্শনের অনুমতি দিতেও রাজি হয়েছিল তেহরান। কিন্তু এসব সত্ত্বেও ট্রাম্প ওই চুক্তিটিকে যথেষ্ট বলে মনে করেননি।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সফর থেকে জনসন যুক্তরাজ্যে ফেরার পর কিম লেখেন, পূর্ববর্তী প্রেসিডেন্ট ওবামা ওই চুক্তিটি করেছিলেন বলে ‘ব্যক্তিগত কারণে’ ট্রাম্প পরমাণু চুক্তিটি বর্জন করতে যাচ্ছেন।
ট্রাম্পের এ সিদ্ধান্ত নিয়ে তার উপদেষ্টাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছিল এবং চুক্তিটি থেকে সরে আসার পর হোয়াইট হাউসের ‘দৈনন্দিন’ করণীয় বিষয়ে কোনো কৌশল নির্ধারিত ছিল না বলে জানিয়েছিলেন তিনি।
জনসনের কাছে লেখা মেমোতে কিম বলেছেন, ‘ট্রাম্প প্রশাসন নৈরাজ্যজনক কূটনৈতিক পদক্ষেপের ওপর দাঁড়িয়ে ছিল। ওটা ওবামার চুক্তি ছিল- এমন আদর্শগত ও ব্যক্তিগত কারণে এটি হয়েছে।’ যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড ফাঁস হওয়া কূটনৈতিক মেমো প্রকাশ করার বিষয়ে গণমাধ্যমকে সতর্ক করা সত্ত্বেও এটি প্রকাশ করল ডেইলি মেইল।
ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, সাবেক রাষ্ট্রদূতের যোগাযোগের বিষয়ে সাংবাদিকরা বিস্তারিত আর কিছু প্রকাশ করলে দাফতরিক গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে।
এক সপ্তাহ আগে ফাঁস হওয়া প্রথম মেমোতে ওই সময়ের ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ট্রাম্প প্রশাসনকে ‘তালগোল পাকানো ও অকর্মা’ বলে উল্লেখ করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত ট্রাম্প কিমকে ‘অত্যন্ত নির্বোধ ব্যক্তি’ বলে বর্ণনা করে তার সঙ্গে আর কখনো কাজ করবেন না বলে জানান।
এ নিয়ে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের মধ্যে বুধবার পদত্যাগ করেন কিম। তার পদত্যাগের পর ফাঁস হওয়া বার্তার বিষয়ে ফৌজদারি তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।