ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ডার্চি শর্ট

ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ডার্চি শর্ট।

জানুয়ারিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করবে অস্ট্রেলিয়া দল। এই দলে আজ সোমবার যুক্ত করা হয়েছে ডার্চি শর্টকে। মূলত শন অ্যাবোট ইনজুরিতে পড়ায় তিনি ডাক পেয়েছেন। বিগ ব্যাশের ম্যাচে ইনজুরিতে পড়েন অ্যাবোট। তার ইনজুরি থেকে সেরে উঠতে চার সপ্তাহ সময় লাগবে। সে কারণে তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়।

ভারতের সফরের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানে আছেন প্যাট কামিন্স, জস হাজলেউড, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসনের মতো বিশ্বমানের পেসার। সে কারণে অ্যাবোট ইনজুরিতে পড়ায় অস্ট্রেলিয়া একজন টপ অর্ডার ব্যাটসম্যান খুঁজছিল। যিনি স্পিন বোলিংও করতে পারেন। সেক্ষেত্রে শর্টকে সুযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাচক ত্রেভর হন্স বলেছেন, ‘শন অ্যাবোটের দুর্ভাগ্য। সে আমাদের সাদা বলের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। তাকে আমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনার মধ্যে রেখে আগাচ্ছিলাম। ডার্চি শর্টকে নেওয়ার মাধ্যমে আমাদের দলে আরো একজন স্পিন অলরাউন্ডার যুক্ত হল। ইতিমধ্যে স্কোয়াডে আছে অ্যাস্টন আগার। আছে অ্যাডাম জাম্পাও। চারজন বিশ্বমানের পেসারের সঙ্গে তিনজন স্পিনার নিয়ে দারুণ ভারসম্য আনা হয়েছে। শর্ট একজন পরিক্ষীত অলরাউন্ডার। যেকোনো পজিশনে তার ব্যাটিং করার ক্ষমতাটা আমাদের জন্য হবে দারুণ কিছু।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৪ জানুয়ারি মুম্বাইতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ১৭ জানুয়ারি রাজকোটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। আর ১৯ জানুয়ারি শেষ ম্যাচে বেঙ্গালুরুতে লড়বে তারা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, আলেক্স চ্যারি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম, জস হাজলেউড, মার্নাস ল্যাবুশানে, কেন রিচার্ডসন, ডার্চি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.