স্বর্ণসহ গ্রেফতার বিমানের ৩ পরিচ্ছন্নতা কর্মী রিমান্ডে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি (২০ পিস বার) স্বর্ণসহ গ্রেফতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচ্ছন্নতা কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দশ দিন করে রিমান্ড আবেদনের শুনানি শেষে রবিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ রিমান্ডের আদেশ দেন।
আসামিরা হলো, সুমন শিকদার (৩৪), শাহিন হোসেন (২৭) ও বেলাল আকন (২৮)। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই কবির হোসেন আসামিদের আদালতে হাজির করে এ রিমান্ডের আবেদন করেন। শনিবার সকালে তিন পরিচ্ছন্নতা কর্মীকে ২ কেজি ৩৩২ গ্রাম স্বর্ণসহ আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।
বিমানকর্মীদের বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, শনিবার আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পরিষ্কার শেষে নামার সময় পুলিশ তিন পরিচ্ছন্নতা কর্মীকে তল্লাশি করতে চায়। এতে আসামিরা পুলিশের সাথে খারাপ আচরণ করে। এ সময় পুলিশ তাদের এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি চালায়। এ সময় সুমন শিকদারের কেডসের মধ্যে ১০টি করে মোট ২০টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার বারের ওজন ২ কেজি ৩৩২ গ্রাম, মূল্য ৭৫ লাখ টাকা।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, সহযোগী পলাতক আসামি বিমানের টেকনিশিয়ান মো. কালাম সোনার বারগুলো তাদের দিয়ে বিমানবন্দরের বাইরে নিতে বলে। এতে তাদের প্রত্যেক কে ২০ হাজার টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেয় সে।
“তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার পদে চাকরি করার সুবাধে চোরাচালান চক্রের সঙ্গে জড়িয়ে একে অপরের সহায়তায় সোনাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দরের বাইরে পাচার করে।”