পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

ধীরে ধীরে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় এক বছর সেখানে নিয়মিত খেলছে বিভিন্ন দেশের নারী ও বয়সভিত্তিক দল। এর পর জঙ্গি আক্রান্ত দেশটি সফর করেছে জিম্বাবুয়ে ও শ্রীলংকা।

দীর্ঘ নাটক শেষে সদ্য পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। দিন কয়েক পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সেখানে ম্যাচ খেলতে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে সম্মত হয়েছে দক্ষিণ আফ্রিকা।

গেল বছর নভেম্বরে সেখানে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পান ডি ককরা। অবশেষে দুই মাস পর সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন তারা। দেশটিতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলার বিষয়টি বিবেচনা করছেন প্রোটিয়ারা। এ লক্ষ্যে আগামী মাসে বাবরদের দেশে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাচ্ছেন তারা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছর মার্চে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সফরটি করবে তারা। এর আগে ভারতে সিরিজ খেলবে প্রোটিয়া শিবির।

দক্ষিণ আফ্রিকা সবশেষ পাকিস্তান সফর করে ২০০৭ সালে। মাঝে ২০১০ ও ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে তাদের বিপক্ষে খেলেন প্রোটিয়ারা। সব ঠিক থাকলে ১৩ বছর পর পাক ডেরায় খেলতে যাবেন তারা।

এ দিয়েই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানে গিয়ে সেটির প্রস্তুতি সারতে পারেন ৩৬০ ডিগ্রিখ্যাত ব্যাটসম্যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.