হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীরা স্বাস্থ্য তথ্য কার্ড পূরণ শুরু করেছেন এবং তাদের বিমানবন্দর ত্যাগ করার আগে পুরোপুরি স্ক্রিনিং করা হচ্ছে।
শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্রোরা বলেন, ‘অনেক দেশের লোক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আমরা সব যাত্রীকে স্ক্রিনিং করার সিদ্ধান্ত নিয়েছি।তিনি আরও জানান, বৃহস্পতিবার আইইডিসিআর এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে এবং শুক্রবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে, ২১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ চীন থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং শুরু করে।
ইতোমধ্যে আইইডিসিআর করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য চারটি হটলাইন নম্বর চালু করেছে। এগুলো হলো: ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯২৭৭১১৭৮৫।
শনিবার পর্যন্ত মারাত্মক ভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪ জন পাশাপাশি আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারেরও বেশি।