‘পাকিস্তানের মানুষ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে’

এত বড় সুপারস্টার তিনি, তার যে অনেক ভক্ত থাকবে তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত আছে পাকিস্তানেআর সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের। এবার তিনি নিজে মুখেই দাবি করে বসলেন, তার দেশের মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। অবশ্য শুধু পাকিস্তানেই নয়, প্রতিবেশী দেশ তথা চিরশত্রু ভারতেও নিজের জনপ্রিয়তা নিয়ে আত্মবিশ্বাসী শোয়েব।

বিশ্বব্যাপী পাকিস্তান সুপার লিগের পরিচিতি বাড়াতে দলও কিনতে চান জানিয়ে জিও নিউজে শোয়েব বলেছেন, ‘পাকিস্তানে সম্ভবত আমাকেই লোকে সবচেয়ে বেশি ভালোবাসে। শুধু পাকিস্তানেই নয়, ভারতেও আমার জনপ্রিয়তা রয়েছে। ভারতীয়রা আমাকে ভালো করে চেনে। বিশ্বে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারি আমি। আমার যদি পিএসএলে একটা দল থাকে, তবে বিশ্বের সব প্রান্ত থেকে বিনিযোগ আসবে।’

শোয়েবের মতে, পাকিস্তান সুপার লিগে আরও দুটো ফ্র্যাঞ্চাইজি যুক্ত হতে পারে। আর তিনি যদি আবেদন করেন, তবে তাকে একটি দল দেওয়ার নিশ্চয়তা দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। শোয়েবের কথায়, ‘পিসিবির উচিত আরও দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা। আর আমি যদি দর হাঁকতে বসি, তবে একটা দল যেন আমার হয় এই নিশ্চয়তা দিতে হবে।’ পাশাপাশি তিনি সাধারণ মানুষকে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আবেদনও করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, গরিবদের কথা ভেবে হলেও যেন মজুতদারেরা খাদ্যদ্রব্য মজুত না করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.