রহস্যময় আগুনের গোলা দেখা দিল ব্রিটেনের আকাশে 

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রিটেন। এরই মধ্যেই ইংল্যান্ডের আকাশে ধরা পড়ল রহস্যময় এক ছবি। আকাশে ফুটে উঠেছে আগুনের গোলার মতো ছবি। আগুনের গোলাটি বিমানের নাকি কোনো ইউএফও-র, তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। সোশ্যাল মিডিয়ায় তো অনেকে ওই ছবি দেখে বলছেন, লন্ডনের আকাশে সুপারম্যানের আবির্ভাব ঘটেছে।

ডেইলি মেইলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের কেমব্রিজশায়ার শহরের বাসিন্দা ৫৫ বছরের গ্যারি আন্ডারউড নামে এক ব্যক্তি প্রথমবার আকাশে এই আগুনের গোলা দেখতে পান। তিনিই সেই আগুনের গোলার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ওই ব্যক্তির দাবি, অতীতে আকাশে বিভিন্ন রকমের তারা দেখলেও ওই মুহূর্তে আকাশের চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার দাবি, আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কোনো জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

গ্যারি আন্ডারউড জানিয়েছেন, ওই আগুনের গোলা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল। সেটির পেছনে একটি আগুনের ল্যাজ যেন তৈরি হয়েছিল। ওই আগুনের গোলা অবশ্য পৃথিবীর দিকে নেমে আসার কয়েক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। কয়েক মিনিট তা আকাশে দেখা যায় বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর।

তবে কেমব্রিজের মতো ফুটে ওঠা ওই বস্তুটি আসলে ঠিক কী, সে বিষয়ে এখনো কোনো বিশেষজ্ঞের মত মেলেনি। ফলে নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা চলছেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.