‘কোহলি আমার সেরাটা বের করে নেয়’

ভারত অধিনায়ক বিরাট কোহলি আর প্রোটিয়া গতি তারকা কাগিসো রাবাদা বাইশ গজে বহু স্মরণীয় ক্রিকেট-যুদ্ধের জন্ম দিয়েছেন। কোহলিকে ব্যাট হাতে দেখলেই নিজের সেরাটা দেওয়ার ইচ্ছা নাকি বহুগুণ বেড়ে যায় রাবাদার। এই তরুণ প্রোটিয়া পেসার জানান, কোহলি তার মধ্যে থেকে সেরাটা বের করে আনেন। কোহলির বিপক্ষে বল হাতে লড়তে গেলে নিজের সর্বোচ্চটুকু উজার করে দেওয়া ছাড়া উপায় নেই।

২০১৯ সালের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেই ম্যাচের বল গড়ানোর আগে রাবাদা ও কোহলিকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল মিডিয়ায়। সোশ্যাল সাইটগুলোও নানারকম মিমে ভরে গিয়েছিল। কিন্তু ওই বিশ্বকাপে মহা বিপর্যয় ঘটেছিল বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা দক্ষিণ আফ্রিকার। ভারত বিদায় নেয় সেমিফাইনাল থেকে। কোহলির প্রশংসা করে রাবাদা বলেছেন, ‘ওয়ানডে ফরম্যাটে কোহলি খুবই ধারাবাহিক একজন ক্রিকেটার। টেস্ট ক্রিকেটেও তাই।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৩টি টেস্টে রাবাদা নিয়েছেন ১৯৭টি উইকেট। ৭৫টি ওয়ানডে থেকে ১১৭টি উইকেট শিকার করেছেন। এছাড়া ২৪টি টি টোয়েন্টিতে তার শিকার ৩০টি। তবে শুধু কোহলিই নয়, রাবাদার পছন্দের তালিকায় আরও তারকা আছে। এই পেস তারকার ভাষায়, ‘বেন স্টোকস, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনও আমার খুব পছন্দের। ভবিষ্যত লক্ষ্য বিশ্বকাপ জয়। এজন্য এখন থেকেই আমার খেলার কিছু ব্যাপারে নজর দিতে হবে। তাহলে আরও উন্নতি করতে পারব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.