ঢাকায় শ্বাসকষ্ট নিয়ে সাংবাদিকের মৃত্যু

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টা খানেকের মধ্যে  মারা গেছেন। যিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ চিকিৎসকদের ।

ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া ১০টায় তার মৃত্যু হয়।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ বলেন, “রাত সোয়া ৯টার দিকে খোকন ভাইকে নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই উনার অবস্থা আশঙ্কাজনক ছিল। আমাদের ডাক্তাররা চেষ্টা করার মধ্যেই সোয়া ১০টার দিকে তিনি মারা যান।”

খোকন কী সমস্যায় ভুগছিলেন- জানতে চাইলে শাহেদ বলেন, “সাসপেক্টেড করোনাভাইরাসে আক্রান্ত। তবে আমরা রোগ আইডেন্টিফাই করার আগেই তিনি মারা গেছেন। যেই অ্যাম্বুলেন্স নিয়ে উনারা এসেছিলেন, সেই অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।”

সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিব রহমান বলেন, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন খোকন। আজকে সকালে শ্বাসকষ্ট ও মাথাব্যথা বৃদ্ধি পায়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সের মাধ্যমে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।”

হুমায়ুন কবির এর আগে দৈনিক মানবজমিন, আমাদের সময়সহ কয়েকটি সংবাদপত্রে কাজ করেন। হুমায়ুন কবির খোকনের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের অকাল মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.