অভ্যন্তরীণ তিনটি রুটে প্রতিদিন ২৪টি ফ্লাইট চলবে

ঢাকা থেকে প্রতিদিন অভ্যন্তরীণ তিনটি রুটে ১ জুন থেকে যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।  প্রতিদিন তিনটি রুটে মোট ২৪টি ফ্লাইট চলবে।

জানা গেছে, রুট ভেদে আসনপ্রতি ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান গণমাধ্যমে বলেছেন, কোনো রুটেই ভাড়া বাড়ানো হবে না। তিনি বলেন, ‘আমরা চাই না যাত্রীরা কোনো চাপে থাকুক। চাচ্ছি আকাশপথে যাত্রীরা ফিরে আসুক। করোনাকালে নিরাপদ স্বাস্থ্যসেবা ও গন্তব্যে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। এজন্য আগের মতোই ভাড়া রাখা হবে।’

এদিকে এওএবি ভাড়া না বাড়ানোর কথা বললেও সংশ্লিষ্টরা বলেছেন, রুট ভেদে এই ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হবে যাত্রীদের। একটি বিমান সংস্থা বলেছে, ভাড়া বাড়বে ঠিক, তবে সেটার কোনো সীমা নির্ধারণ করে দেয়া হয়নি।

জানা গেছে, রুট ভেদে প্রতিটি বিমান সংস্থার ভাড়া অটোমেশন করা আছে। ৭ থেকে ৮টি ধাপে এ ভাড়া নির্ধারণ করা থাকে। রুট ভেদে এ ধাপ ২৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত থাকে। এক্ষেত্রে ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর নির্ভর করে ভাড়া ঠিক করা হয়। সরকারিভাবে কোনো ভাড়া সুনির্দিষ্ট করে দেয়া হয়নি এখন পর্যন্ত।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার ও ইউএস-বাংলার প্রতিদিন ২৪টি ফ্লাইট চলবে। এর মধ্যে চট্টগ্রামে ১১টি, সিলেটে ৪টি ও সৈয়দপুরে ৯টি ফ্লাইট চলবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। স্বাস্থ্যবিধির কারণে প্রতিটি ফ্লাইটে ৫০ শতাংশের বেশি যাত্রী নেয়া যাবে না। ৪৫ মিনিট পর একটি করে ফ্লাইট ছাড়বে। স্বাস্থ্য পরীক্ষায় যদি কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট থাকে, তাহলে তাকে ফ্লাইটে নেয়া হবে না।

জানা গেছে, ১ জুন সকাল ৭টায় চট্টগ্রামে ইউএস-বাংলা এয়ারলাইনস প্রথম ফ্লাইট দিয়ে দীর্ঘ আড়াই মাস পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হবে।

১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তিনটি রুটে ২৪টি ফ্লাইট চলবে। এর মধ্যে ইউএস-বাংলা চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৩টি ও সিলেটে ১টি করে ফ্লাইট চলবে। নভোএয়ারের প্রতিদিন চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি ও সিলেটে ১টি করে ফ্লাইট রয়েছে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিদিন চট্টগ্রামে ২টি, সিলেটে ২টি ও সৈয়দপুরে ৩টি করে ফ্লাইট রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.