ভারত শাসিত লাদাখ অঞ্চলের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। শান্তি আলোচনার মধ্যেই লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘাতে মারা গেলেন ভারতের এক কর্নেল ও ২ জন সৈনিক।
সোমবার রাতের চীনা সেনাবাহিনীর হামলায় এই ঘটনা ঘটে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানাযায়। পরিস্থিতি মোকাবিলা করতে এই মুহূর্তে সীমান্তে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছে।
লাদাখ সীমান্তে গত একমাস ধরে ভারত ও চীনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি চলছে। এই পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশেই আলোচনা শুরু করে। আলোচনা যখন দ্বিতীয় দফায় ঠিক তখনই ফের এলএসি বরাবর সেনা তৎপরতা শুরু করে চীন। বেইজিং প্রায় ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন করেছে ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়, ৪৫ বছর পর এই প্রথমবার ইন্দো-চীন সীমান্তে ঝরল প্রাণ। গতকাল মধ্যরাতে গালওয়ান উপত্যকায় দ্দুই দেশের লড়াইয়ে এক উচ্চপদস্ত অফিসার এবং দুই সেনাকে হারাল ভারত।
গালওয়ান উপত্যকায় সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলাকালীন দু-পক্ষই সংঘর্ষে লিপ্ত হয় এবং হতাহতের মুখোমুখি হতে হয়েছে বলে, ভারতীয় সেনার পক্ষে এক বিবৃতি দিয়ে জানানো হয়।
লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বৈঠকে বসেছেন।