করোনায় আক্রান্ত হলেন তামিমের মা’সহ পরিবারের ৪ সদস্য

ক্রিকেটার তামিম ইকবালের পরিবারে করোনাভাইরাস থাবা বসিয়েছে। তামিম ইকবালের মা’সহ পরিবারের চার সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

গতকাল শনিবার রাতেই  তামিম ইকবাল নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি এখনো করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন।

প্রথমে তামিমের বড় ভাই নাফিস ইকবাল আক্রান্ত হন। এরপর করোনা টেস্ট করে জানা যায়, তার স্ত্রী ও সন্তানও আক্রান্ত। সর্বশেষ জানা গেল, তামিমের মা নুসরাত ইকবালও করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রে জানা গেছে, নাফিসের দুই সন্তান ও বাড়ির কাজের মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

গত কয়েক মাস ছোট ভাই তামিমের সঙ্গে করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্যে যুক্ত ছিলেন নাফিস। ক’দিন আগেই চট্টগ্রামে স্থানীয় কোচদের আর্থিক সাহায্য দিতে দেখা গেছে নাফিসকে।

গতকাল দুপুরের দিকে খবর ছড়িয়ে পড়ে, করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। করোনা টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। তার আগে মাশরাফির শাশুড়ি ও শ্যালিকা করোনায় আক্রান্ত হন।

এদিন সন্ধ্যার দিকেই জাতীয় দলের আরেক ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। মাশরাফি ও অপু দুজনই নিজের বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.