বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ফ্রান্সের চার্লস দ্য গল এয়ারপোর্টে পৌঁছেছে করোনায় আটকেপড়া ২৪৭ ইউরোপের প্রবাসী বাংলাদেশি।
করোনাভাইরাসের এর প্রাদুর্ভাব ও বিস্তার রোধকল্পে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি সময়মতো ফিরতে পারেননি তাদের অনুরোধের প্রেক্ষিতে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে আগত যাত্রীদের স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, দিলওয়ার হোসেন কয়েস, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বিশেষ ফ্লাইট আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য ফ্রান্স আওয়ামী লীগ ও আয়েবা-কে ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাষ্টকেও তাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত ফরাসি সরকারকেও এ বিশেষ বিমান পরিচালনার যাবতীয় অনুমোদন অতি দ্রুততার সঙ্গে প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
তিনি আগত প্রবাসী বাংলাদেশিদের ফরাসি তথা সংশ্লিষ্ট দেশের সরকারের কোভিড-১৯-এর স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিন/হোম আইসোলেশনে থাকার জন্য আহ্বান জানান।
