নিরাপত্তা-স্বাধীনতা ছাড়া প্রবৃদ্ধি দিয়ে কী করব: সুলতানা কামাল

101_Sultana_kamal_Confarance_ctg_050714সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিতের উপায় বের করার তাগিদ দিয়ে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, দেশের গণমানুষের কল্যাণে কাজ করতে না পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো কাজে আসে না।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী খুন হওয়ার পরদিন রোববার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “গণতন্ত্র, সুশাসন ও মানুষের নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির কোনো দাম নাই।

“নিরাপত্তা ও স্বাধীনতা ছাড়া এই প্রবৃদ্ধি নিয়ে কী করব?”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেন সুলতানা কামাল।

‘গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন’ শীর্ষক ওই অধিবেশনে সভাপতির বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেন, “আমরা যারা সুশাসন নিয়ে কথা বলি, আমাদের বলা হয়, বাস্তবতা বুঝতে হবে। আমরা শুধু বুঝতেই থাকলে পরিবর্তন কীভাবে হবে?

“জনগণের সঙ্গে অংশীদারিত্ব ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন সম্ভব না হলে আমরা হিসাব মেলাতে পারব না। দেশের গণমানুষের কল্যাণে কাজ করতে না পারলে সে প্রবৃদ্ধি কোনো কাজে আসে না।”

‘দুর্নীতি শুধু মানুষের ক্ষতিই করে না, হত্যাও করে’- মন্তব্য করেন তিনি।

সাভারের রানা প্লাজা ধসের তৃতীয় বছর পূর্তির কথা স্মরণ করে সুলতানা কামাল বলেন, “আমাদের উন্নয়নের জন্য সবচেয়ে সস্তা শ্রম দিয়েও আজ মানুষ নিরাপত্তা পাচ্ছে না। আমরা মানুষের হত্যা ঠেকাতে পারছি না।”

অধিবেশনে মূল প্রবন্ধে বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, “এক সময়ে সিঙ্গাপুরে যখন গণতন্ত্র ছিল না, তখনও সেখানে সুশাসন ও জবাবদিহি ছিল। এ কারণে তাদের উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছা সম্ভব হয়েছে।

“আমাদেরও সমাজের সকল পর্যায়ে ও স্তরে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক ড. আসাদুজ্জামান, ব্যারিস্টার তানিয়া আমীর ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বক্তব্য দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.