দেশের পুঁজিবাজারে আলোচিত কোম্পানিগুলোর একটি ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের (নাসির) ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তিনি বর্তমানে এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে মাহতাবুর রহমানের ভাই মোহাম্মদ ওলীউর রহমান, ছেলে মোহাম্মদ ইমাদুর রহমান, বন্ধু ড. নাসিম আহমেদের ব্যাংক হিসাবও তলব করেছে বিএফআইইউ। তলবকৃত ব্যাংক হিসাবের মধ্যে দেউলিয়ার পথে থাকা ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের সিইও তাজবিরুল আহমেদ চৌধুরী, তার স্ত্রী খন্দকার তাসলিমা চৌধুরী ও ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডও রয়েছে।
চার বছর আগে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়া কোম্পানিটির শেয়ার কিনে নিঃস্ব হয়েছে সাধারণ মানুষ। বর্তমানে এক থেকে দেড় টাকায় বিক্রি হচ্ছে কোম্পানিটির শেয়ার। ইউনাইটেড এয়ারওয়েজকে ঋণ দিয়ে বিপদে আছে একাধিক ব্যাংকও। কিন্তু যাদের কারণে ইউনাইটেড এয়ারওয়েজ দেউলিয়া হয়েছে, বরাবরই তারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
এবার ইউনাইটেড এয়ারওয়েজ কেলেঙ্কারির নেপথ্য নায়কদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এর অংশ হিসেবে কোম্পানিটির
গতকাল বিএফআইইউ থেকে দেশের সবক’টি ব্যাংকের শীর্ষ নির্বাহীকে চিঠি পাঠানো হয়। পাঁচদিনের মধ্যে তাদের সবার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। বিএফআইইউ সূত্র বলছে, ইউনাইটেড এয়ারওয়েজ কেলেঙ্কারি, মানি লন্ডারিংসহ বেশকিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহতাবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এক্ষেত্রে আইন প্রয়োগকারী একাধিক কর্তৃপক্ষের অনুরোধও রয়েছে। ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেনের তথ্য হাতে পাওয়ার পর সংশ্লিষ্টদের বিষয়ে অনুসন্ধান চালাবে বিএফআইইউ।