বৃহস্পতিবার বিকালে ভারতের সুন্দরবনের অংশে সীমাখালী খাল থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনোমিস্ত্রির ছেলে মিজানুর রহমান (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় রতন ও মিজান গরু পাচারকারী হিসেবেই পরিচিত। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফের গুলিতে হয়েছে, তা স্পষ্ট নয়।
বাংলাদেশের সাতক্ষীরার নীলডুমুর বর্ডার গার্ড (বিজিবি) ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী গণমাধ্যমকে জানান, সুন্দরবনের ভারতের অংশে বাংলাদেশি দুই ব্যক্তি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফের গুলিতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
তিনি জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।