অডিও গানের বাজার এখন ভিডিও গানের দখলে। হালের জনপ্রিয় শিল্পীরা সবাই গানের অ্যালবাম প্রকাশের চাইতে ভিডিও প্রকাশেই বেশি স্বাচ্ছ্যন্দবোধ করেন। এর ব্যতিক্রম নন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত তারকা ইমরান।
নানা কারণে আলোচিত-সমালোচিত হলেও বিগ বাজেটের ভিডিও নির্মাণে বরাবরই এগিয়ে এই তরুণ গায়ক। এর আগে তার ভিডিওতে চিত্রনায়ক শিপন ও মডেল অভিনেত্রী শবনম ফারিয়াকে মডেলিং করতে দেকা গেছে। তারপর নিজেই পুরুষ মডেল হিসেবে হাজির হচ্ছেন তার ভিডিওগুলোতে। সেই ধারাবাহিকতায় ‘বলতে বলতে’ গানের ভিডিওতে তার নায়িকা হিসেবে দেখা গেছে সময়ের আলোচিত মডেল তানজিন তিশাকে।
এরপর ‘ফিরে এসো না’ গানের ভিডিওতে ইমরান হাজির হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশার বিপরীতে।
ধারাবাহিকতায় আসছে ঈদ উপলক্ষেও নতুন একটি গানের ভিডিও প্রকাশ হতে যাচ্ছে ইমরানের। ‘বাহুডোরে’ শিরোনামের গানটিতে এবার তার নায়িকা হিসেবে দেখা যাবে হালের আলোচিত মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলামকে।
‘বাহুডোরে’ গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এটি গেলো পহেলা বৈশাখে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘বাহুডোরে’ অ্যালবামের টাইটেল গান। গানটির অডিওর সাড়া ছিলো অত্যন্ত ভালো। সেই সাফল্যে অনুপ্রাণীত হয়েই গানটির ভিডিও নির্মাণ করলেন ইমরান।
গানটিতে ইমরানকে দেখা যাবে একেবারেই ভিন্ন রুপে। নতুন লুকে এখানে নির্মাতা উপস্থাপন করেছেন তাকে। পাশাপাশি স্যাড রোমান্টিক এ গানটিতে ইমরান ও বৃষ্টির প্রেম রসায়নও ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকতায়। ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেল ও সব কটি টিভি চ্যানেলে ঈদের অন্যতম বড় চমক এই মিউজিক ভিডিওটির শিগগিরই প্রচার শুরু হবে।
