দেশীয় এয়ারলাইন্সের দুর্বলতায় নাইজেরিয়ার আকাশে বিদেশিদের দাপট
নাইজেরিয়ার আকাশপথে বিদেশি এয়ারলাইনগুলোর আধিপত্যের মূল কারণ হিসেবে দেশীয় এয়ারলাইনগুলোর দুর্বলতাকে দায়ী করেছেন ইউনাইটেড নাইজেরিয়া এয়ারলাইন্সের প্রধান।
নাইজেরিয়ার আকাশপথে বিদেশি এয়ারলাইনগুলোর আধিপত্যের মূল কারণ হিসেবে দেশীয় এয়ারলাইনগুলোর দুর্বলতাকে দায়ী করেছেন ইউনাইটেড নাইজেরিয়া এয়ারলাইন্সের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদেদায়ো ওলাওয়ুই। তাঁর মতে, শক্তিশালী স্থানীয় ও আঞ্চলিক বিমান সংস্থার অভাবের সুযোগে বিদেশি এয়ারলাইনগুলো দীর্ঘদিন ধরে দেশটির আন্তর্জাতিক যাত্রীবাজারে প্রভাব বিস্তার করে আসছে।
সম্প্রতি লাগোসে লিগ অব এয়ারপোর্ট অ্যান্ড এভিয়েশন করেসপন্ডেন্টসের (এলএএসি) প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। ওলাওয়ুই উল্লেখ করেন, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ইথিওপিয়ান এয়ারলাইন্স ও আস্কি এয়ারলাইন্সের মতো প্রতিষ্ঠানগুলো বিস্তৃত রুট নেটওয়ার্ক গড়ে তুলেছে। ফলে নাইজেরিয়া থেকে যাত্রীরা সহজেই এসব এয়ারলাইন্সের হাব বিমানবন্দরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারেন।
তিনি বলেন, অনেক যাত্রীর চূড়ান্ত গন্তব্য দুবাই, দোহা, আদ্দিস আবাবা বা লোমে নয়; বরং এসব শহর কেবল সংযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। অথচ নাইজেরিয়ার নিজস্ব এয়ারলাইনগুলো এখনো পর্যাপ্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারেনি। এ কারণে যাত্রীরা বাধ্য হয়ে বিদেশি সংস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।
ওলাওয়ুইয়ের মতে, এ পরিস্থিতি বদলাতে হলে নাইজেরিয়ার বিমান সংস্থাগুলোকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন শহরে সরাসরি ফ্লাইট চালু করতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ডাকারগামী একজন যাত্রীকে প্রায়ই লোমে, আবিদজান বা বানজুল হয়ে গন্তব্যে যেতে হয়। অথচ লাগোস থেকে সরাসরি সেবা চালু করা গেলে যাত্রীদের সময় ও খরচ উভয়ই কমবে।
তবে আঞ্চলিক রুট পরিচালনায় নানা বাণিজ্যিক চ্যালেঞ্জও রয়েছে। বড় আকারের উড়োজাহাজ কম যাত্রীসংখ্যার রুটে পরিচালনা করলে তা লাভজনক হয় না। প্রতিদিন যদি কোনো রুটে উভয় দিকে মিলিয়ে মাত্র ৪০ জন যাত্রী থাকে, সেখানে ১৫০ আসনের বিমান পরিচালনা অর্থনৈতিকভাবে টেকসই নয়।
তাই তিনি বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত আকারের উড়োজাহাজ ব্যবহারের পরামর্শ দেন। তাঁর মতে, সঠিক পরিকল্পনা, আঞ্চলিক সম্প্রসারণ এবং চাহিদাভিত্তিক বহর ব্যবস্থাপনার মাধ্যমে নাইজেরিয়ার এয়ারলাইনগুলো ভবিষ্যতে বিদেশি সংস্থার আধিপত্য কমিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে।
