আগামী ১৯ জুন রোববার ‘বাবা দিবস’।
এ উপলক্ষে এ দিন প্রকাশিত হচ্ছে শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানের ভিডিও। ভিডিওটিতে প্রথমবারের মতো মডেল হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ওমর সানীকে। আর ওমর সানীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শিল্পী মম নিজেই।
মনিরুজ্জামান মনিরের কথায় ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। গানটির কথাগুলো এমন- ‘সময়ের সিঁড়ি বেয়ে/আমি গেছি বড় হয়ে/জানি না কখন যে হায়/ডাকবে কি বাবা আর স্নেহমাখা সুরে আমায়।’ থ্রী-ডি প্রোডাকশনের ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোঃ আতিকুর রহমান। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে গাজীপুরের হোতাপাড়ার খতিব খামার বাড়িতে। এতে মম’র ছোটবেলার দৃশ্যে মডেল হয়েছে তারই ছোট বোন আনিকা রহমান ইরা।
এ প্রসঙ্গে শিশুশিল্পী আতিকা রহমান মম বলেন, ‘যেসব ছেলে-মেয়েদের বাবা নেই বা ছোটবেলাতেই তাদের বাবাকে হারিয়েছে, তাদেরকে উৎসর্গ করেই আমার এই গানটি।’
চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘ ‘সময়ের সিঁড়ি বেয়ে’ গানের ভিডিওটির কাহিনী বেশ আবেগঘন, যা দর্শকদের চোখে পানি আসতে বাধ্য করবে। কিছুটা ফিল্মিক হওয়ায় ভিডিওটির শেষ দৃশ্য পর্যন্ত উপভোগ্য। আমার বিশ্বাস দর্শকরা এটি পছন্দ করবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৯ জুন বাবা দিবসে মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি দেয়া হবে এবং একই সাথে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে।
উল্লেখ্য, সংগীত ছাড়াও মম নিয়মিত টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও তার সরব উপস্থিতি রয়েছে।
