৬ ঘণ্টার বিভ্রাটে ৬ কোটি ডলার হারালো ফেসবুক কর্তৃপক্ষ
সোমবার রাতে টানা ৬ ঘণ্টা ডাউন থাকার পর অবশেষে সচল হয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম।
তবে দীর্ঘ সময় অচল থাকার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে ফেসবুক। জানা গেছে, ফেসবুকের আওতাধীন সামাজিক মাধ্যমগুলোতে বিভ্রাটের কারণে কোম্পানিকে প্রায় ৬ কোটি ডলার হারাতে হয়েছে।
কয়েক ঘণ্টা অফলাইনে থাকায় এই সামাজিক নেটওয়ার্ক সাইট প্রতি সেকেন্ডে হাজার হাজার ডলার হারিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সোমবার রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুকের মালিকানাধীন সাইটগুলো অচল হয়ে পড়ে।
বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করা ডাউন ডিটেকটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সারাবিশ্ব থেকে এসময়ের মধ্যে ১০.৬ মিলিয়ন রিপোর্ট করা হয়েছে।
এটাই সাম্প্রতিককালে ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য সবচেয়ে বড় ঘটনা।
সর্বশেষ ২০১৯ সালে এমন সমস্যার সম্মুখীন হয়েছিল ফেসবুক, তখন প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক।
অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে। এর ফলে ফেসবুককে বেশ বিপাকে পড়তে হচ্ছে।
