বর্তমান নেট দুনিয়ায় যোগাযোগের বড় একটি মাধ্যমে পরিণত হয়েছে ফেসবুক। কিন্তু ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নতুন কিছু নিয়ম জানিয়েছেন।
তাতে বলা হয়, তারকা বা বিখ্যাত ব্যক্তিদের যৌন হয়রানি করে এমন কনটেন্ট সরিয়ে দেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
সম্প্রতি এমনই একটি ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
‘বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট’পলিসিতে এ-সংক্রান্ত কিছু পরিবর্তন এনেছে ফেসবুক। কোনো ব্যবহারকারীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের ক্ষেত্রেও পলিসিতে পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।
ফেসবুক জানায়, জনপ্রিয় তারকা, রাজনীতিবিদ এবং কনটেন্ট ক্রিয়েটর এমন কাউকে যৌন হয়রানি ও আক্রমণ করার মতো প্রোফাইল, পেজ, গ্রুপ এবং ইভেন্ট এমন যেকোনো কিছুই মুছে দিবে তারা।
গত বুধবার প্রতিষ্ঠানটির বৈশ্বিক নিরাপত্তা প্রধান অ্যান্টিগোন ডেভিস তার একটি ব্লগপোস্টে বলেন, নতুন এই পলিসিতে যৌন হয়রানি করার মতো ফটোশপে করা ছবি, ড্রইং অথবা শারীরিক কোনো অঙ্গভঙ্গির ছবি প্রকাশের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া যৌন হয়রানি করে এমন কমেন্ট এবং ধারাবাহিকভাবে কাউকে আক্রমণ করা এসব বিষয়ও আছে পলিসিতে।
