এফবিসিসিআই পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির বলেছেন, দেশ ডিজিটাল হচ্ছে, ইন্টারনেট সেবা বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু অ্যাকটিভ শেয়ারিংয়ের সুযোগ না থাকা, সেবায় ব্যবহৃত রাউটার, মডেম, ক্যাবল ইত্যাদির মতো ছোট সরঞ্জামের ওপর আরোপিত উচ্চ ভ্যাট ইত্যাদির কারণে এখনও গ্রাহকদের কাছে ইন্টারনেট সহজলভ্য নয়।
বৃহস্পতিবার দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত আধুনিক যোগাযোগ, নেটওয়ার্কিং এবং বিপিও বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে সর্বত্র ইন্টারনেট পৌঁছানোর একটা আবকাঠামো তৈরি হচ্ছে এখন।
এসময়ে ইন্টারনেট সরবরাহ সরঞ্জামগুলোর ওপর ভ্যাট কমানো হলে সাশ্রয়ীমূল্যে দেশের সব অঞ্চলে ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে।
এতে সরকারের রাজস্ব বাড়বে।
সৈয়দ সাদাত বলেন, বাংলাদেশের মতো একটি দেশে বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) অত্যন্ত জরুরি।
গার্মেন্টস খাতের মতো এ খাতেরও ব্যাপক প্রসার সম্ভব এদেশে।
এজন্য বিপিও প্রসার বাড়াতে হবে। সরকারের যেসব সেবায় আউটসোর্সিং করার সুযোগ আছে সেগুলো শনাক্ত করে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিতে বিপিও কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
