বাংলাদেশ টাইগার্সের ২৩ সদস্যের দলে তাকে না দেখার পর থেকেই ধারণা করা হচ্ছিল, হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে ডাক পাবেন ডানহাতি ওপেনার মুনিম শাহরিয়ার। হলোও তাই।
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেওয়া হয়েছে ২৩ বছর বয়সী মারকুটে ওপেনার মুনিমকে।
এছাড়া ২৩ সদস্যের দলে অন্য অনভিষিক্ত খেলোয়াড় হলেন ইয়াসির আলি রাব্বি।
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছিলেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বি।
ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন মুনিম।
তবে সেটি ১৫২ স্ট্রাইকরেটে।
প্রায় প্রতি ম্যাচেই বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন মুনিম।
অন্যদিকে খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে দারুণ ফর্ম দেখিয়েছেন ইয়াসির। পুরো আসরে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার।
যে কারণে তাকে দলে রেখে দিয়েছেন নির্বাচকরা।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকাদের মধ্যে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি।