‘দেশের প্রকৃত ইতিহাস শিশুদের শেখাতে হবে’

শিশুদের দেশের প্রকৃত ইতিহাস শেখানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনো স্বার্থান্বেষী (হায়েনা) গোষ্ঠী বাঙালির অর্জনগুলো আবারও ছিনিয়ে নিতে না পারে।

তিনি বলেন, এজন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের গতি অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশের ছেলে-মেয়েদের ইতিহাসটা শেখাতে হবে।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস।
বাংলা ভাষার জন্য এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে গেছে।
যে দিবসটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এটা কিন্তু প্রজন্মের পর প্রজন্মের সব শিশুদের জানতে হবে ও শিখতে হবে।

শেখ হাসিনা বলেন, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
এ বিজয় ও স্বাধীনতা অর্জনের পেছনে যে আত্মত্যাগ সেই আত্মত্যাগও সবাইকে জানতে হবে।
তাহলেই তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।

জাতির পিতার জন্মদিন ১৭ মার্চ ও জাতীয় শিশু দিবসসহ প্রত্যেকটি জাতীয় দিবস সম্পর্কে নতুন প্রজন্মকে দীক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি বলবো আমাদের পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে ছেলে-মেয়েসহ সবাই যেন প্রজন্মের পর প্রজন্ম এ সত্যগুলো জানতে পারে।
কারণ ২১টি বছরতো সবকিছুই নিষিদ্ধ ছিল কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না। আজকে সেটাই প্রমাণ হয়েছে।

শেখ হাসিনা বলেন, আবার যেন কখনও কোনও হায়েনার দল বঙালির যে অর্জন সেগুলোকে যেন কেড়ে নিতে না পারে।
তার জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের এ গতিধারাটা অব্যাহত রাখতে হবে।
আর এ উন্নয়নের প্রত্যেকটি ধারার সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করেই তাদের জন্য কাজ করে যেতে হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.