রাজনীতি দেশ সেবার জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের কল্যাণের জন্য একটি ব্রত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুর ১টায় প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জিল্লুর রহমান পরিষদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জিল্লুর রহমান এমন একজন রাজনীতিবিদ ছিলেন যিনি রাজনীতিকে ব্রত হিসেবেই নিয়েছিলেন। রাজনীতি প্রকৃত পক্ষে একটি ব্রত।
পেশা বা উন্নতির সোপান রাজনীতি হওয়া সমীচীন নয়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের দলের সংকটকালে জিল্লুর রহমানের যে ভূমিকা, সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে।
একজন আপাদমস্তক ভদ্র মানুষ, ভালো মানুষ ছিলেন জিল্লুর রহমান।
তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কোনো সময় রাগতেন না তিনি।
অনেক মানুষ রাগান্বিত হয়, কিন্তু জিল্লুর রহমানকে আমি কখনো রাগান্বিত হতে দেখিনি।
