বাংলাদেশের খেলা দেখতেই অস্ট্রেলিয়ায় ব্রিটিশ তরুণী

ক্রিকেটের খুদে ফরম্যাটে অনুজ্জ্বল বাংলাদেশ। বিশ্বকাপের আগে সমর্থক ও দেশবাসীকে মিছে আশা দেওয়ার পক্ষে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব-সোহানরা কোনো আশা না দিলেও বাংলাদেশের অস্ট্রেলীয় প্রবাসীরা ঠিকই আশা নিয়ে গ্যালারিতে বসে টাইগারদের সমর্থন জানিয়ে যাচ্ছেন। শুধু অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে নয়; কানাডা, আমেরিকা ও ইংল্যান্ড থেকেও বাংলাদেশি প্রবাসীরা যাচ্ছেন সেখানে বাংলাদেশের খেলা দেখতে।

এবার দেখা মিলল ব্যতিক্রম কিছু। বাংলাদেশের খেলা দেখতে সুদূর ইংল্যান্ড থেকে এসেছেন ব্রিটিশ তরুণী। তার সঙ্গী ইংল্যান্ডে বসবাসকারী এক বাংলাদেশি।

সোনালি চুলের ওই তরুণীকে দেখা গেল বাংলাদেশের জার্সি পরা, হাতে লাল-সবুজের পতাকা।
রোববার অস্ট্রেলিয়ায় ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামের ফ্যান জোনের পাশে এক ‘ভালোবাসার টান’ চোখে পড়ল। বাংলাদেশের জার্সিতে উচ্ছ্বাস করতে থাকা এক ভিনদেশী তরুণী নজরে পড়লো! বাংলাদেশের ভালোবাসার টানে অস্ট্রেলিয়ায় এসেছেন ব্রিটিশ তরুণী।

গায়ে সাকিবদের জার্সি সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আনন্দ করতে থাকা তরুণীটি শুরুতে অবশ্য কথা বলতে একটু দ্বিধাই করলেন। নিজেকে লাজুক বলে দাবি করে কী বলবেন বুঝতে পারছিলেন না। এরপর তার সঙ্গে থাকা তরুণটিই বললেন- কথা বলো, যা তোমার ইচ্ছে!

সামাজিক গোপনীয়তার কারণে বাংলাদেশি যুবকটি অবশ্য সামনে আসলেন না! কারণ ভিডিওটি কিংবা সংবাদটি বাংলাদেশে থাকা তার পরিবার দেখলে বিব্রতকর অবস্থা হয়েও হয়ে যেতে পারে! তবে প্রেমিকের অনুমতি মেলায় তরুণী দ্বিধার দেয়াল ভেঙে কথা বললেন, তিনি এসেছেন সেই যুক্তরাজ্য থেকে।

নিজের নাম প্রকাশ না করে বাংলাদেশের এক গণমাধ্যমকর্মীকে ওই তরুণী বললেন, ‘বাংলাদেশ নিয়ে অনেক গল্প শুনেছি। এখনো দেশটি দেখা হয়নি। তবে ব্রিটেনে বাঙালিদের মিশে এটি নিশ্চিত যে, দেশটির মানুষেরা অসাধারণ। যে কারণে বাংলাদেশ নিয়ে আমার কৌতূহল রয়েছে। এবার বাংলাদেশের ক্রিকেট ম্যাচটি দেখার সুযোগ পেলাম। হাতছাড়া করিনি। ম্যাচটি উপভোগ করে দারুণ রোমাঞ্চিত আমি!’

তিনি আরও জানালেন, বাংলাদেশের খেলা দেখতেই লন্ডন থেকে এসেছেন ব্রিসবেন।

তরুণী বললেন, ‘বাংলাদেশ দলটার প্রতি আমার টান অন্যরকম। তাই তো লন্ডন থেকে সোজা চলে এসেছি ব্রিসবেনে। গ্যালারিতে বসে বাংলাদেশের পক্ষে স্লোগান দেব।’

সমর্থকদের অবশ্য খুশিও করেছেন সাকিব বাহিনী। বিশ্বকাপে সুপার টুয়েলভে দুটো ম্যাচ জিতে এখন সেমিফাইনালের স্বপ্ন বুনছেন টাইগাররা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশ ম্যাচ উপহার দিলেও ব্রিসবেনে জিম্বাবুয়ে ৩ রানে হারিয়েছেন টাইগাররা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.