বিদেশের মানুষদের বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। তাই প্রবাসীদের সতর্ক থাকতে হবে যেন বানোয়াট তথ্য দিয়ে কেউ তাদের বিভ্রান্ত করতে না পারে।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে স্কলার্স বাংলাদেশ এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন আয়োজনে ‘প্রবাসী দিবস’ উদযাপন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিদেশের মানুষের কাছে বানোয়াট তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করা হচ্ছে। প্রবাসীদের সতর্ক থাকতে হবে যেন বানোয়াট তথ্য দিয়ে কেউ তাদের বিভ্রান্ত করতে না পারে। উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী ভাই-বোনদের সহযোগিতা প্রত্যাশা করি। যারা বাংলাদেশ নিয়ে বিদেশে মিথ্যাচার করে তাদের প্রতিবাদ করুন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে প্রবাসী দিবস ঘোষণার জন্য অনুরোধ জানাই। তিনিও সাড়া দিয়েছেন। এরপর ২০১৭ থেকে আমরা প্রবাসী দিবস পালন করে আসছি। সর্বশেষ গত ২৭ তারিখ ক্যাবিনেট সভায় দিবস ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আমরা ভাগ্যবান যে, প্রবাসী দিবস উদযাপন করতে পারছি। প্রবাসীরা রেমিটেন্স পাঠায়। প্রবাসীরা যখন বিদেশে যায় তখন থেকেই তার ধ্যান-জ্ঞানে শুধু বাংলাদেশের মঙ্গলই থাকে।’
ড. মোমেন বলেন, ‘শেখ হাসিনার সরকারের জন্যই পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল করতে পেরেছি৷ এখন মাথাপিছু আয় ৩ হাজার টাকার কাছাকাছি।’
প্রধান অতিথির বক্তব্যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘প্রবাসী মানেই রেমিটেন্স। এটা দেশের জন্য মূল ফ্যাক্টর। জনতা ব্যাংক সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স পাঠালে যে কমিশন দিতে হয় তা বাদ দিয়েছে। অন্য সব ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি দিবসের ওয়েবসাইট www.nrbday.org এর উদ্বোধন করা হয়।
