সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পটুয়াখালীর স্কুল ছাত্র শীর্ষেন্দুকে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে সেতু নির্মাণ করা হবে। আগামী দেড় বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে।
সোমবার মিরপুরে নবনির্মিত সিন্নিরটেক থেকে গাবতলী সড়কের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
খরস্রোতা পায়রায় সেতু নির্মাণের জন্য গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস। প্রধানমন্ত্রী তার চিঠির জবাব দিয়েছেন। গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তাকে ফিরতি চিঠিতে সেতু নির্মাণের আশ্বাস দেন, যা এরই মধ্যে শীর্ষেন্দুর হাতে পৌঁছেছে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতিমধ্যে সেতু নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী সপ্তাহে সেতু বিভাগের একটি দল মির্জাগঞ্জে সেতুর জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন করবে। সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে।
মিরপুরে ৯২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সিন্নিরটেক গাবতলী সড়কের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, এ সড়ক হওয়ায় উত্তরা, টঙ্গী, আশুলিয়াসহ আশপাশের এলাকা থেকে যানবাহন সহজই বেড়িবাঁধ সড়ক হয়ে গাবতলী ও মিরপুরে যাতায়াত করতে পারবে। এতে শহরের ওপর যানবাহনের চাপ কমবে।