সিঙ্গাপুর এয়ারলাইন্স ২০২৬ সালের অক্টোবর থেকে মাদ্রিদ রুট চালু করছে
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর ২০২৬ থেকে তারা স্পেনের রাজধানী মাদ্রিদে নতুন ফ্লাইট চালু করবে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর ২০২৬ থেকে তারা স্পেনের রাজধানী মাদ্রিদে নতুন ফ্লাইট চালু করবে। এই রুটটি বার্সেলোনা হয়ে পরিচালিত হবে এবং সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালানো হবে। অনুমোদন সাপেক্ষে এই নতুন রুট চালু করা হবে।
এছাড়া যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে ইউরোপের একাধিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি। ম্যানচেস্টার, মিলান, মিউনিখ এবং লন্ডন গ্যাটউইক রুটে ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে।
ম্যানচেস্টার রুটে ১৩ জুলাই ২০২৬ থেকে ফ্লাইট সংখ্যা সপ্তাহে ৫টি থেকে বাড়িয়ে প্রতিদিন করা হবে। একইভাবে লন্ডন গ্যাটউইক রুটে ২৫ অক্টোবর ২০২৬ থেকে প্রতিদিন ফ্লাইট চালু হবে, ফলে লন্ডনে মোট দৈনিক ফ্লাইট সংখ্যা দাঁড়াবে ৬টি।
মিলান রুটেও ২৫ অক্টোবর ২০২৬ থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে প্রতিদিন করা হবে। তবে আগে থাকা সিঙ্গাপুর–মিলান–বার্সেলোনা সংযুক্ত রুটটি ২৭ অক্টোবর ২০২৬ থেকে বন্ধ করে দেওয়া হবে, কারণ নতুন মাদ্রিদ রুট চালু হচ্ছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুর থেকে মিউনিখ রুটেও ফ্লাইট চালু করা হবে ২৬ অক্টোবর ২০২৬ থেকে, যা সপ্তাহে ৩টি ফ্লাইট হিসেবে শুরু হয়ে মোট ১০টি সাপ্তাহিক ফ্লাইটে উন্নীত হবে।
নতুন মাদ্রিদ ফ্লাইট সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইউরোপ নেটওয়ার্ককে আরও বিস্তৃত করবে এবং এটি হবে ইউরোপে তাদের ১৫তম গন্তব্য এবং স্পেনে দ্বিতীয় গন্তব্য।
এই রুটে ব্যবহৃত হবে এয়ারবাস এ৩৫০-৯০০ দীর্ঘ দূরত্বের উড়োজাহাজ, যাতে থাকবে বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি শ্রেণির আসন ব্যবস্থা।
নতুন মাদ্রিদ রুটের টিকিট ২০২৬ সালের জুন থেকে বিক্রি শুরু হবে।
