দিল্লি রুটে এ৩৮০ চালু করছে এমিরেটস

এমিরেটস আগামী ২৫ অক্টোবর থেকে দিল্লি রুটে তাদের ফ্ল্যাগশিপ এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজ পরিচালনা শুরু করবে।

এমিরেটস আগামী ২৫ অক্টোবর থেকে দিল্লি রুটে তাদের ফ্ল্যাগশিপ এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজ পরিচালনা শুরু করবে। এর মাধ্যমে দিল্লি ভারতের তৃতীয় শহর হিসেবে এমিরেটসের ডাবল-ডেকার এ৩৮০ সেবা পেতে যাচ্ছে; এর আগে মুম্বাই ও বেঙ্গালুরুতে এই সেবা চালু রয়েছে। ইকে৫১২/৫১৩ ফ্লাইটে চার শ্রেণির কেবিন বিন্যাসে এ৩৮০ পরিচালিত হবে, যেখানে প্রিমিয়াম ইকোনমি সুবিধাও থাকবে। পাশাপাশি দিল্লিগামী অন্যান্য দৈনিক ফ্লাইটে আধুনিকায়ন করা বোয়িং ৭৭৭ উড়োজাহাজও ব্যবহৃত হবে।

এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম বলেন, ভারতের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবেই যাত্রীসেবার মান বাড়াতে সর্বাধুনিক পণ্য ও সেবা চালু করা হচ্ছে। তার মতে, ভারত থেকে ও ভারতে ভ্রমণের চাহিদা ক্রমাগত বাড়ছে এবং এ৩৮০ সেবা সম্প্রসারণ সেই চাহিদারই প্রতিফলন।

আগামী অক্টোবরের শেষ নাগাদ ভারতের ছয়টি শহরে এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি সুবিধা পাওয়া যাবে। কলকাতা-দুবাই রুটে ২৫ অক্টোবর থেকে এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ চালু হবে, যাতে প্রিমিয়াম ইকোনমি আসন থাকবে। একই সঙ্গে চার শ্রেণির পুনর্নবীকৃত বোয়িং ৭৭৭ পরিচালনার মাধ্যমে কলকাতা থেকে দুবাইয়ের সব সাপ্তাহিক ফ্লাইটেই এই সুবিধা নিশ্চিত করা হবে। দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও কোচিসহ মোট ছয়টি শহরের যাত্রীরা উন্নত ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ভারতে গ্রাহকসেবা জোরদারে এমিরেটস সম্প্রতি দিল্লি ও মুম্বাইয়ে নতুন ট্রাভেল স্টোর চালু করেছে। শিগগিরই হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও এমন স্টোর এবং মুম্বাইয়ে একটি নিবেদিত কল সেন্টার চালু করা হবে। বর্তমানে এমিরেটস ভারতজুড়ে নয়টি গন্তব্যে প্রতি সপ্তাহে ১৬৭টি ফ্লাইট পরিচালনা করছে।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগামী ১ আগস্ট থেকে ভোপালকে তাদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে যুক্ত করছে। দিল্লি-ভোপাল রুটে প্রতিদিন দুটি এবং মুম্বাই-ভোপাল রুটে একটি করে ফ্লাইট পরিচালিত হবে। এর ফলে মধ্যপ্রদেশে এয়ারলাইনটির সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা প্রায় ৬০-এ পৌঁছাবে।

নতুন এই সেবার মাধ্যমে ভোপালের যাত্রীরা আবুধাবি, দাম্মাম, মাস্কাট ও শারজাহসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে একবার যাত্রাবিরতিতে পৌঁছাতে পারবেন। এছাড়া ১৫ জুলাই থেকে ইন্দোর-আবুধাবি রুটে সপ্তাহে তিন দিন সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটও চালু হচ্ছে। বর্তমানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্রতিদিন প্রায় ৫০০টি ফ্লাইট পরিচালনা করে ৪৩টি অভ্যন্তরীণ ও ১৬টি আন্তর্জাতিক গন্তব্যে সেবা দিচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.