রংপুরের পীরগঞ্জের বিভিন্ন মসজিদে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। থানার পক্ষ থেকে জুমার নামাজের আগে পুলিশের এসআই মুসল্লিদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন।
শুক্রবার উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ২০টি মসজিদে ওই বক্তব্য দেয়া হয়।
সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ‘পুলিশ সেবা সপ্তাহ-২০১৯’ পীরগঞ্জ বাসস্ট্যান্ডে উদ্বোধন করেন। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম করা হয়।
ওই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ইউনিয়নপর্যায়ে মসজিদে ইমামের বাংলা খুতবার পর এসআইরা মুসল্লিদের উদ্দেশে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, মাদক ও জঙ্গিসহ বিভিন্ন সামাজিক অপরাধের কুফল তুলে ধরেন।
পীরগঞ্জ থানার এসআই মাইদুল ইসলাম বলেন, মানুষ স্বাভাবিকভাবেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। শুক্রবার পত্নীচড়া জামে মসজিদে মুসল্লিদের মাঝে বিভিন্ন অপরাধের কুফল সম্পর্কে বক্তব্য দিয়ে তাদের মাঝে ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছি।
তিনি আরও বলেন, আমরা অফিসাররা (এসআই এবং এএসআই) পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শুক্রবার মসজিদে বাংলা খুতবার পর বক্তব্য দিয়েছি।
