দক্ষ বৈমানিক তৈরিসহ বিমানখাতে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে লিথুনিয়া। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বাংলাদেশে লিথুনিয়ার রাষ্ট্রদূত লাইমনাস টালাট কেল্পসা সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বার্তা পাঠিয়ে এই তথ্য জানায়।
জানা গেছে, সাক্ষাতে বিমান পরিবহন ও পর্যটনখাতের উন্নয়ন ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুইজনে মতবিনিময় করেন।
রাশেদ খান মেনন দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, লিথুনিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থা যুগোপযোগী করে গড়ে তুলতে দেশে বৃহত্তম বিমান বন্দর প্রতিষ্ঠার কার্যক্রম বর্তমান সরকার গ্রহণ করতে যাচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা হবে।
বিমান মন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের জন্য খুবই লাভজনক ও বিনিয়োগবান্ধব একটি দেশ। তিনি সরকারের বিনিয়োগবান্ধব নীতি কাজে লাগাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসহ বিভিন্নখাতে লিথুনিয়ার বিনিয়োগকারিরা এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন ।