ব্র্যাড পিট আর জোলি এখন ‘সিঙ্গেল’!

ব্র্যাড পিট আর জোলি এখন ‘সিঙ্গেল’!

হলিউডের জনপ্রিয় ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি ছোটবেলায় পড়া ব্যাকরণের সন্ধির নিয়ম মেনে আবারও হয়ে যাচ্ছেন ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি। বছর দুয়েক আগে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সেই আবেদন গৃহীত হয়েছে। তাঁদের অফিশিয়াল রিলেশনশিপ স্ট্যাটাস এখন ‘সিঙ্গেল’।

আদালতের নথি অনুযায়ী, একজন বিচারক তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছেন। যদিও তাঁদের কেউ এখনো বিবাহবিচ্ছেদের অফিশিয়াল কাগজ হাতে পাননি, তবু তাঁদের এখন ‘সিঙ্গেল’ বলা যায়। পিপল ডটকমকে এক সূত্র জানিয়েছে, তাঁরা উভয়েই এখন তাঁদের সন্তানদের জন্য সার্বিক মঙ্গলের কথা ভাবছেন। তাঁরা উভয়ে ছয় সন্তানের অভিভাবকত্ব ভাগাভাগি করছেন এবং বিবাহবিচ্ছেদের কাগজ হাতে পাওয়ার পরও তাঁদের সেই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।

২০০৫ সালের ‘মি. অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে প্রেম করতে দেখা যায় এই দুই হলিউড তারকাকে। আর তা নাকি কেবল শুটিংয়ের খাতিরে মিথ্যে মিথ্যে প্রেম ছিল না। সেই সেটেই সত্যি সত্যি প্রেমে পড়েন তাঁরা। এ কারণেই ২০০৫ সালে বিচ্ছেদ হয় ব্র্যাড পিট আর জেনিফার অ্যানিস্টোনের। এর আগে ২০০৩ সালে মার্কিন অভিনেতা বিলি বব থর্নটনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার দুই বছর ‘সিঙ্গেল’ ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তাই এরপর তাঁরা চুটিয়ে প্রেম করেন। একসঙ্গে থাকা শুরু করেন। সন্তানদের অনুরোধে ২০১৪ সালের আগস্টে রাজকীয়ভাবে বিয়েটাও সেরে ফেলেন। সেটা ছিল ব্র্যাড পিটের দ্বিতীয় আর অ্যাঞ্জেলিনা জোলির তৃতীয় বিয়ে। ১৯৯৬ সালে জোলি সহশিল্পী ব্রিটিশ অভিনেতা জনি লি মিলারকে বিয়ে করেন। ১৯৯৯ সালে সেই বিয়ে ভেঙে যায়। পিটকে বিয়ের পর জোলি ঘোষণা দেন, পিট তাঁর জীবনে শেষ পুরুষ!

বিয়ের আগে প্রায় ১০ বছর পিট আর জোলির সম্পর্ক ভালোই ছিল। বিয়ের পর কেন যেন একের পর অঘটন ঘটতে থাকে। সন্তানদের গায়ে পিট হাত তুলেছেন বলেও অভিযোগ আসে। এরপর ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর বিবিসির সংবাদ থেকে জানা যায়, বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি! জোলির আইনজীবী রবার্ট অফার বলেন, জোলি পারিবারিক কল্যাণের জন্যই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। আর এখন তো আলাদাই হয়ে গেলেন তাঁরা।

এদিকে প্রায় এক যুগের বেশি সময়ের সম্পর্কে দাঁড়ি পড়ার এই সময়ে বিষণ্ন পিটকে নাকি কাঁধ দিয়েছেন সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টন। তাতে নাকি বেশ চটেছেন পিটের সাবেক এই স্ত্রী। তা ছাড়া একসময়ের প্রেমিক ও সাবেক স্বামী ব্র্যাড পিটের স্মৃতি মনে করে একাধিকবার কেঁদেছেন জোলি, এমন খবরও আলোচিত হয়েছে। গত বছর অক্টোবরে শুটিং সেটে সহ–অভিনেত্রী মার্গারেট কোয়ালিকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন ব্র্যাড পিট। এ ঘটনায় নাকি হৃদয় ভেঙে গেছে জোলির। এ খবরও গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন জোলি।
বিবাহবিচ্ছেদের আবেদনের পর উভয়েই সন্তানদের অভিভাবকত্ব ভাগাভাগি করতে চেয়েছেন। ২০১৮ সালের জুন মাসে আদালত পিটের হাতে একটি সময় তালিকা ধরিয়ে দেন। সেই তালিকা অনুযায়ী পিট ম্যাডক্স বাদে তাঁর অন্য সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারবেন। ম্যাডক্স ইতিমধ্যে ১৮ পার করেছেন। তাই আইন অনুযায়ী, তিনি কখন কার সঙ্গে সময় কাটাবেন কিংবা আদৌ কাটাবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর।

গত ৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশে এসে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে গেছেন মানবতাবাদী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.