‘১৫০ দিনের বেশি ওএসডি রাখা অবৈধ’

‘১৫০ দিনের বেশি ওএসডি রাখা অবৈধ’

কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ধরে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) রাখা অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে যারা ১৫০ দিনের বেশি সময় ধরে ওএসডি আছেন, তাদের স্বপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আদেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির পর বুধবার (০৮ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে জানিয়ে অমিত দাশগুপ্ত বলেন, যেসব সরকারি কর্মকর্তা ১৫০ দিনের বেশি সময় অফিসার অন স্পেশাল ডিউটিতে (ওএসডি) আছেন, তাদের স্বপদে পুনর্বহালের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ওএসডি রাখা অবৈধ ঘোষণা করেছেন। এছাড়াও একজন সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আদালত। এ কমিটি ১৫০ দিনের বেশি অতিরিক্ত সময় ওএসডি আছেন যারা, তাদের আইনানুগ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে।

২০১২ সালের ৩১ মে জনস্বার্থে সাবেক সচিব এম আসাফ উদ-দৌলা আদালতে এ সংক্রান্ত একটি রিট দায়ের করেছিলেন।

ওই রিট আবেদনের পর একই বছরের ৪ জুন বিধি লঙ্ঘন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনির্দিষ্টকালের জন্য ওএসডি করে রাখার প্রবণতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

একইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ বছরে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা কর্মকর্তাদের খতিয়ান চেয়েছিলেন হাইকোর্ট।

পরে সরকারের পক্ষ থেকে তালিকাও আদালতে দাখিল করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.