গোপন সংবাদের ভিত্তিতে রুমা সেনা জোনের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ক্যতোই খুমি পাড়ার কাছে একটি পাহাড়ি ঝিড়িতে অভিযান চালায়।রুমার দুর্গম এলাকার চার এক জায়গা জুড়ে এই পপি ক্ষেতের সন্ধান পায় সেনাবাহিনীর সদস্যরা।বান্দরবানে র্যাবের অভিযানের মাত্র চার দিনের মাথায় ফের পপি ক্ষেতের সন্ধান পাওয়া গেল। এসময় একজনকে আটক করা হয়।
রুমা উপজেলা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আকবর জানিয়েছেন, ক্যতোই খুমি পাড়ার কাছে ম্রক্ষ্যং ঝিড়িতে লোকচক্ষুর আড়ালে স্থানীয় পাহাড়িরা নিষিদ্ধ পপি বাগান গড়ে তুলেছিল। সেখানে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে প্রায় চার একর পপি বাগান ধ্বংস করে। বাগানের সঙ্গে জড়িতরা অনেকে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম পেনন খুমি (৩৫)। তার বাড়ি ক্যতোই খুমি পাড়ায়।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রুমা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমটার দূরে কেওক্রাডংয়ের আশপাশে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় সাত একর জমির চারটি ক্ষেত ধ্বংস করে র্যাব-৭। এসময় প্রায় ৬০ কেজি পপির রস (আফিম) উদ্ধার করলেও কাউকে আটক করা যায়নি।