খালি হাতে বিশেষ বিমানে লিবিয়া থেকে ফিরলেন ১৪৮ বাংলাদেশি।

জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওএম) ভাড়া করা বিশেষ বিমানে বুধবার দুপুরে নিরাপদে দেশে  ফিরেছেন ১৪৮ জন বাংলাদেশি। ভাগ্যের সন্ধানে গিয়ে লিবিয়া থেকে খালি হাতে ফিরেছেন তারা।

আইওএম বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার ভলান্টারি হিউম্যানাটেরিয়ান রিটার্ন (ভিএইচআর) কর্মসূচির মাধ্যমে দেশে ফেরানো হয়েছে তাদের। ফিরে আসা অভিবাসীদের মধ্যে যুদ্ধে আহত, সমুদ্র পথে ইউরোপ যেতে ব্যর্থ এবং লিবিয়ার জেলে বন্দি থাকা ব্যক্তিরা রয়েছেন।প্রত্যাবর্তনকারীদের মধ্যে ৮ জন শারীরিকভাবে অসুস্থ বলেও জানিয়েছে আইওএম।

এই অভিবাসীরা আইওএম লিবিয়া থেকে মনঃসামাজিক সেবা, তাৎক্ষণিক সেবা, ফিরে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা, স্বাস্থ্য পরীক্ষা এবং বাংলাদেশ সরকারের দূতাবাসের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সহায়তা পেয়েছেন।এ ছাড়াও ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে প্রত্যেককে বাড়ি ফেরার খরচ হিসাবে ৪ হাজার ৭৩০ টাকা, খাবার, স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক সেবা দিয়েছে আইওএম বাংলাদেশ।

ফেরত আসা ব্যক্তিদের একজন ঝিনাইদহ জেলার মহেশপুরের মোহাম্মদ আকবর লিবিয়া গিয়েছিলন চার বছর আগে।তিনি জানান, গ্রামের দালাল ধরে লিবিয়ায় গিয়েছিলেন। বেতন ছিল খুবই কম। কোনোমতে নিজে চলতে পারতেন। যে কারখানায় কাজ করতেন হঠাৎ বিমান হামলা হয় সেখানে। ৪ বাংলাদেশিসহ ১৩ জন মারা যায়।

“সে এক ভায়াবহ অভিজ্ঞতা। মনে হল অল্পের জন্য জীবনটা বাঁচল। সিদ্ধান্ত নিলাম দেশে ফিরে আসব,” বলেন আকবর।

আইওএম বাংলাদেশের চিফ আব মিশন গিওর্গি গিগাওরি বলেন, “লিবিয়ার প্রতিকূল অবস্থা অব্যাহত থাকায় ঝুকিপূর্ণ বাংলাদেশিদের সুরক্ষা ও সহায়তা দিতে সর্বদা আমরা তৎপর। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের তাৎক্ষনিক সব ধরনেরর সহযোগিতা নিশ্চিত করছি আমরা।”

একইসঙ্গে আইওএম ফিরে আসা অভিবাসীদের দীর্ঘ মেয়াদে সহযোগিতা করবে বলে জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং বাংলদেশ সরকার ও লিবিয়া কর্তৃপক্ষের সহযোগিতায় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত এক হাজার চারশ’র বেশি বাংলাদেশিকে দেশে ফিরতে সহযোগিতা করছে আইওএম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.