ওয়াশিংটন ও আলাস্কা ককাসে স্যান্ডার্স জয়ী

bnernieযুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে ওয়াশিংটন ও আলাস্কা অঙ্গরাজ্যে ককাস নির্বাচনে সিনেটর বার্নি স্যান্ডার্স জয়ী হয়েছেন। তিনি ডেমোক্রেটিক পার্টির অপর মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা করছেন। গতকাল শনিবার ওয়াশিংটন, আলাস্কা ও হাওয়াই অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এর মধ্যে ওয়াশিংটন ও আলাস্কার ফলাফল স্পষ্ট হয়েছে। হাওয়াইয়ের ফলাফল এখনো আসেনি। পূর্বাভাসে বলা হয়েছে, ওয়াশিংটনে ৭২ শতাংশ ভোট পাচ্ছেন স্যান্ডার্স। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন পাচ্ছেন ২৭ শতাংশ ভোট। অন্যদিকে আলাস্কায় প্রায় ৭৯ শতাংশ ভোট পাচ্ছেন স্যান্ডার্স। হিলারি পাচ্ছেন ২১ শতাংশ ভোট। হাওয়াই অঙ্গরাজ্যের ফলাফল এখনো না আসলেও প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে, এখানেও স্যান্ডার্স জয়ী হতে পারেন। তিনটি অঙ্গরাজ্যের মধ্যে ওয়াশিংটন খুবই উল্লেখযোগ্য। এখানে মোট ১০১ ডেলিগেট ভোট দিয়েছেন। আলাস্কায় ১৬ ও হাওয়াই অঙ্গরাজ্যে ২৫ ডেলিগেট ভোট দিয়েছেন। ওয়াশিংটন ও আলাস্কায় জয় সত্ত্বেও স্যান্ডার্স সামগ্রিকভাবে হিলারির চেয়ে পিছিয়ে রয়েছেন। হিলারি এখন পর্যন্ত ১ হাজার ২২৩ ডেলিগেটের ভোট পেয়েছেন। আর স্যান্ডার্স পেয়েছেন ৯২০ ডেলিগেটের ভোট। প্রার্থী হিসেবে নির্বাচিত হতে হিলারি অথবা স্যান্ডার্সকে পেতে হবে ২ হাজার ৩৮৩ ভোট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.