ধাক্কা-ধাক্কিতে ভেঙে গেছে শাহজালালের থার্মাল স্ক্যানার

যাত্রীদের ধাক্কা-ধাক্কির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি থার্মাল স্ক্যানার ভেঙে গেছে। সোমবার (৯ মার্চ) রাতে থার্মাল স্ক্যানারটি নষ্ট হয়ে যায় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।

তিনি বলেছেন, স্বাস্থ্য অধিদফতরকে বিষয়টি জানানো হয়েছে। তারা কর্মকর্তাদের পাঠালে এটি ঠিক করা হবে। এখন একটি থার্মাল স্ক্যানার ও হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, সিঙ্গাপুর-থাইল্যান্ডসহ ছয় দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের শরীরে এ ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া গেলেই তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে- এমন নির্দেশনার পর শাহজালালে যাত্রীদের ভিড় বেড়ে গেছে। আর এ কারণেই সোমবার রাত ভিড়ের চাপে একটি থার্মাল স্ক্যানার ভেঙে যায়।

বাকি চারটি দেশ হলো-চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরান।

বিমানবন্দর সূত্র জানায়, শাহজালালে মোট তিনটি থার্মাল স্ক্যানার রয়েছে। এর মধ্যে একটি আগে থেকেই নষ্ট আছে। সোমবার আরেকটি নষ্ট হলো। এখন একটি দিয়ে কাজ চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে যাত্রীদের দেহের তাপমাত্রা পরীক্ষা করার সময় অনেককেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। যাত্রীরা অধৈর্য হয়ে স্ক্যানারটির ওপর হুমড়ে পড়লে সেটি ভেঙে যায়। এরপর থেকে আর কাজ করেনি সেটি। হাতের মেশিন দিয়ে তাপমাত্রা দেখা হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.