বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি।
আজ বুধবার (২২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।“
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর থেকে বিএনপি পাঁচ দফায় ১১ দিন অবরোধ এবং দুই দফায় তিন দিন হরতাল করেছে। বুধবার সকালে শুরু হয়েছে তাদের ষষ্ঠ দফার অবরোধ, যা শুক্রবার ভোরে শেষ হবে।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আগে আগে এসব কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। দফায় দফায় অবরোধে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসাবে, ২৮ অক্টোবরের পর থেকে গত সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।